দক্ষিণ সুদানের জানা-অজানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ। যুদ্ধ অনেক করেছি। আর নয়। এবার শুধু শান্তি।’ ৯ জুলাই স্বাধীন হওয়া পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির মায়ারদিতের এ কথাগুলোই যেন এখন প্রতিধ্বনিত হচ্ছে দেশটির আকাশ-বাতাসে। খুন-জখম ও বিশৃঙ্খলায় ভরা পেছনের দিনগুলোর স্মৃতি ভুলে নতুন দিনের স্বপ্নে বিভোর এখন সুদানের মানুষ।সুদানে নানা জাতিগোষ্ঠী, নানা ধর্ম ও নানা মতের মানুষের বাস। তবে তারা এখন দলমতনির্বিশেষে মিলেমিশে গাইতে চায় জীবনের গান।দেশটির আয়তন দুই লাখ ৩৯ হাজার ২৮৫ বর্গমাইল। রাজধানী জুবা। সরকারি ভাষা ইংরেজি। জুবার আশপাশে ‘জুবা আরবি’ ভাষার প্রচলন। দেশটির ২০ লাখ থেকে ৩০ লাখ মানুষ ‘দিনকা’ ভাষায় কথা বলে। অন্যান্য ভাষার মধ্যে রয়েছে নুয়ের, জানদে, বারি ও শিল্লুক।জাতিসংঘ-স্বীকৃত ১৯৩তম দেশটিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে: দিনকা, নুয়ের, বারি, লোটুকো, কুকু, জানদে, মুনদারি, কাকওয়া, পোজুলু, মাকারাকা, মোরু, আচোলি, মাদি ও লুলুবো।দেশটির মুদ্রা সুদানি পাউন্ড। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ২০০৬ সালের হিসাব অনুযায়ী, দেশটির জনসংখ্যা ৭৫ লাখ থেকে ৯৭ লাখ। দক্ষিণ সুদানের (২০০৯ সালে) দাবি, দেশটির জনসংখ্যা এক কোটি ১০ লাখ থেকে এক কোটি ৩০ লাখ। ২০০৮ সালের আদমশুমারি অনুযায়ী, দক্ষিণ সুদানের জনসংখ্যা ৮২ লাখ ৬০ হাজার ৪৯০ জন। তবে এ আদমশুমারি নিয়ে বিতর্ক রয়েছে।কয়েক দশক ধরে উত্তরের সঙ্গে গৃহযুদ্ধ চলে দক্ষিণ সুদানের। ২০০৫ সালের ৬ জানুয়ারি শান্তি চুক্তি সই হয়। ২০০৫ সালের ৯ জুলাই স্বায়ত্তশাসন লাভ করে দক্ষিণ সুদান।জুবা দেশটির সবচেয়ে বড় শহর। দেশটির পূর্বে ইথিওপিয়া, দক্ষিণে কেনিয়া, উগান্ডা ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো। পশ্চিমে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান। উত্তরে সুদান।দক্ষিণ সুদানের মানুষ স্থানীয় ধর্মের অনুসারী। দেশটিতে বিপুলসংখ্যক খ্রিষ্টান ধর্মাবলম্বীও রয়েছে। একটি হিসাবে দেশটির প্রায় ২০ লাখ নয় হাজার ৩৭৪ জন রোমান ক্যাথলিক।দক্ষিণ সুদানের অর্থনীতি বর্তমানে অনেকাংশে তেলের ওপর নির্ভরশীল। অবিভক্ত সুদানের ৭৫ শতাংশ তেলের মজুদই দক্ষিণ সুদানে রয়েছে বলে ধারণা করা হয়। এ ছাড়া দেশটি আন্তর্জাতিক বাজারে কাঠ রপ্তানি করে থাকে। সূত্র বিবিসি।