দক্ষিণ সুদানের স্বাধীনতা মেনে নিলেন প্রেসিডেন্ট বশির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির দক্ষিণ সুদানের স্বাধীনতা মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন। গত জানুয়ারিতে অনুষ্ঠিত গণভোটের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার কিছু সময় আগে গতকাল সোমবার তিনি এই ঘোষণা দেন। গণভোটে জনগণ দক্ষিণ সুদানের স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে।সুদানের রাজধানী খার্তুমে ক্ষমতাসীন দল ন্যাশনাল কংগ্রেস পার্টির সদর দপ্তরে গতকাল নারী ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা দিতে গিয়ে প্রেসিডেন্ট বশির এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘আজ বিশ্ববাসীর সামনে ঘোষণা করছি, আমরা গণভোটের রায় মেনে নিয়েছি। জনগণের সিদ্ধান্তের প্রতিও সম্মান প্রদর্শন করছি।’ তিনি বলেন, ‘গণভোটের রায়ে সুস্পষ্ট হয়েছে, দক্ষিণাঞ্চলের জনগণ স্বাধীন দক্ষিণ সুদানের পক্ষে রয়েছে। তার পরও আমরা উত্তর ও দক্ষিণের মধ্যে যোগাযোগ রাখতে চাই। পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে আমরা তাদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক ধরে রাখার অঙ্গীকার করছি।’খার্তুমে সোমবার রাতে প্রেসিডেন্ট বশির ও দক্ষিণ সুদানের নেতা সালভা কির উপস্থিতিতে গণভোটের রায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা। তবে এক সপ্তাহ আগে ওই গণভোটের প্রাথমিক ফল ঘোষণা করা হয়েছে। ওই ফলে দেখা যায়, প্রদত্ত ভোটের মধ্যে ৯৯ ভাগ দক্ষিণ সুদানের স্বাধীনতার পক্ষে পড়েছে।আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগেই দক্ষিণাঞ্চলের রাজধানী জুবায় বিজয় উৎসব শুরু হয়ে যায়। প্রচণ্ড গরম উপেক্ষা করে সাবেক বিদ্রোহী নেতা জন গারাংয়ের সমাধি ঘিরে শত শত সমর্থককে উল্লাস করতে দেখা যায়। সেখানে যোগ দেওয়া সান্তিনো মাসার নামের একজন শিক্ষার্থী বলেন, ‘আজ আমাদের স্বাধীনতার দিন। সারা রাত এই অর্জন উদ্যাপন করব।’বিশ্লেষকদের মতে, দক্ষিণ সুদানের স্বাধীনতার আগেই তেল খাত থেকে অর্জিত রাজস্ব ভাগাভাগি, সীমানা চিহ্নিতকরণ, নাগরিকত্বসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষকে অবশ্যই সমাধানে পৌঁছাতে হবে। এ ছাড়া চার হাজার ৩৮ স্কয়ার মাইল আয়তনের আবেই অঞ্চল নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সুদানের উত্তর ও দক্ষিণাঞ্চলের মাঝামাঝি অবস্থিত এই অঞ্চলটি দুই পক্ষের কাছেই স্পর্শকাতর বিষয়। গত ৯ থেকে ১৫ জানুয়ারি দক্ষিণ সুদানের স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়। আশঙ্কা করা হলেও বড় কোনো সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে সুদান সরকার গণভোটের রায় মেনে নিয়ে সুদানকে দুই ভাগে ভাগ করতে চাইবে কি না সে বিষয়ে অনেকেরই সংশয় ছিল। প্রেসিডেন্ট বশিরের গতকালের ঘোষণার পর দক্ষিণ সুদানের স্বাধীনতার বিষয়টি আরও সুস্পষ্ট হলো। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ে পৃথিবীর মানচিত্রে দক্ষিণ সুদান নামের একটি স্বাধীন রাষ্ট্রের নাম যোগ হবে। এএফপি, বিবিসি, রয়টার্স।