দক্ষিণের সঙ্গে ‘যুদ্ধাবস্থার’ দিকে যাচ্ছে উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া বলেছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাদের সম্পর্ক এখন ‘যুদ্ধাবস্থার’ দিকে গড়াচ্ছে। দেশটি গতকাল শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) এক খবরে এ কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, যদি কোনো রকম উসকানিমূলক আচরণ করা হয়, তবে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে।ফেব্রুয়ারিতে তৃতীয় দফা পারমাণবিক পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে উত্তর কোরিয়া ক্ষুব্ধ হয়। এদিকে মার্চের শুরুতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সামরিক মহড়া শুরু করে। এর পর থেকে প্রায় প্রতিদিনই সিউল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুমকি দিয়ে আসছে পিয়ংইয়ং। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি তাক করে রকেট মোতায়েন করেছে উত্তর কোরিয়া।অনেকের ধারণা, এসবের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়া ও তার মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোপুরি যুদ্ধে জড়ানোর আশঙ্কা তৈরি করা হয়েছে। সত্যই যদি তা ঘটে, তবে তা উত্তর কোরিয়ার জন্য হবে আত্মঘাতী সিদ্ধান্ত। যদিও কোনো শান্তিচুক্তি না হওয়ায় ১৯৫৩ সাল থেকে দক্ষিণের সঙ্গে কৌশলগত যুদ্ধে জড়িয়ে আছে উত্তর কোরিয়া।এদিকে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার আকাশসীমার ওপর দিয়ে বি-টু নামের যে মার্কিন স্টিলথ বোমারু বিমানটি মহড়া দিয়েছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র দাবি করেছে, এটি যুদ্ধের কোনো হুমকি ছিল না বরং এটি ছিল কূটনৈতিক তৎপরতার অংশ।পারমাণবিক অস্ত্রবাহী ও রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতাসম্পন্ন এই মার্কিন স্টিলথ বোমারু বিমান ইরাক ও লিবিয়ায় ব্যবহার করা হয়েছে। তবে এটি যুদ্ধাস্ত্র হিসেবে নয় বরং কূটনৈতিক কাজে ব্যবহূত হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।যুক্তরাষ্ট্র দাবি করেছে, পিয়ংইয়ং তাদের এ উদ্দেশ্য অনুধাবন করতে না পেরে একে যুদ্ধের হুমকি হিসেবে নিয়েছে।বিবৃতিতে বলা হয়, কোরীয় সরকার, ক্ষমতাসীন দল ও কয়েকটি সংগঠন যৌথভাবে প্রকাশ করছে, কোরীয় উপদ্বীপে দীর্ঘ সময় ধরে বিরাজমান না শান্তি না যুদ্ধাবস্থার অবসান ঘটেছে। এখন সিউলের সঙ্গে যুদ্ধাবস্থায় প্রবেশ করেছে পিয়ংইয়ং। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে পরিচালিত বাণিজ্যিক অঞ্চল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে পিয়ংইয়ং।বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ মোকাবিলার সময় এসেছে এখন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে ‘অপরিণামদর্শী পর্যায়’ বলেও মন্তব্য করেন তিনি। কিম বলেন, যেকোনো মূল্যে কোরীয় উপদ্বীপে পারমাণবিক যুদ্ধ বাধানোর পাঁয়তারা চলছে।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়, কিমের সমর্থনে হাজারো সৈন্য ও শিক্ষার্থী পিয়ংইয়ংয়ে সমাবেশ করে। বিবিসি ও রয়টার্স।