দণ্ডপ্রাপ্ত সাংসদ ও বিধায়ক রক্ষায় অর্ডিন্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দণ্ডপ্রাপ্ত সাংসদ-বিধায়কদের স্বপদে বহাল রাখতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রস্তাবিত অর্ডিন্যান্স চূড়ান্ত করেছে। এটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। রাজনীতিকে অপরাধীমুক্ত করতে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিলেন, এই অর্ডিন্যান্স করে তা রোধ করা হচ্ছে বলে বিশ্লেষকেরা বলছেন।
নতুন অর্ডিন্যান্স অনুযায়ী, অন্তত দুই বছরের সাজাপ্রাপ্ত সাংসদ বা বিধায়কেরা উচ্চ আদালতে আপিল সাপেক্ষে সদস্যপদে বহাল থাকবেন। তবে তাঁরা বেতন নিতে ও ভোট দিতে পারবেন না।
গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে যুক্তি দেখানো হয়, এই অর্ডিন্যান্সের ফলে আইনসভার অধিকার যেমন রক্ষিত হবে, তেমনই প্রশাসনের কাজে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে না।
গত জুলাইয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন, ‘কোনো সাংসদ বা বিধায়ক দুই বছরের সাজা পেলে সঙ্গে সঙ্গেই তিনি সদস্যপদ হারাবেন। উচ্চ আদালতে আপিল করার যুক্তিতে তিনি সদস্যপদে বহাল থাকতে পারবেন না। জনপ্রতিনিধিত্ব আইনে সংশোধন এনে কেন্দ্রীয় সরকার ওই অধিকার সাংসদ-বিধায়কদের দিয়েছিল। সুপ্রিম কোর্ট সেই সংশোধনী অসাংবিধানিক আখ্যা দিয়ে খারিজ করে দেন।
রায় পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। কিন্তু সর্বোচ্চ আদালত আবেদন খারিজ করে দেন। সুপ্রিম কোর্টের অভিমত ছিল, সদস্যপদ বহাল রেখে সংশ্লিষ্ট সদস্যের বেতন বন্ধ ও ভোটদানের অধিকার কেড়ে নেওয়ার যে প্রস্তাব সরকার করেছে তা থেকেই প্রমাণিত, রায়ে কোনো ভুল ছিল না।