দরিদ্রদের কল্যাণে উপহার নিলামে
প্রেসিডেন্ট হিসেবে পাওয়া সব উপহার নিলামে বিক্রি করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। এর মধ্যে প্লাটিনামের তৈরি একটি মঁ ব্লঁ ব্র্যান্ডের কলমও রয়েছে। কলমটি চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমস চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে তৈরি করা হয়েছিল।মঁ ব্লঁ প্লাটিনাম কলমটি সেই ৮৮টি কলমের একটি, যা ১৯৩০-এর দশকে তৈরি করা হয়। ১৯৩৬ সালে চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমস চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে হীরকখচিত এ কলমগুলো তৈরি করা হয়েছিল। এ ছাড়া আহমাদিনেজাদের বিক্রি করা উপহারগুলোর মধ্যে দামি ঘড়ি ও রত্নখচিত অলংকারও রয়েছে। গত বুধবার তেহরানের উত্তরে সাদাবাদ প্রাসাদে এ নিলাম অনুষ্ঠিত হয়। সৌদি আরব, কুয়েত ও পাকিস্তানের দেওয়া উপহারগুলো নিয়ে নিলামে অংশ নেওয়া ক্রেতাদের মধ্যে লড়াই হয় সবচেয়ে বেশি।কর্মকর্তারা জানান, নিলামে বিক্রিতে দুই লাখ পাউন্ড উঠেছে। এর মধ্যে মঁ ব্লঁ কলম বিক্রি থেকেই এসেছে ৭০ হাজার পাউন্ড। উচ্চ মূল্যে বিক্রি হওয়া অন্যান্য উপহারের মধ্যে রয়েছে পাকিস্তানের প্রেসিডেন্টের দেওয়া হীরার হার। এ ছাড়া কাতারের বাদশাহর দেওয়া একটি আংটিও চড়া দামে বিক্রি হয়েছে। নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান হুসেন বাদাখশান বলেন, নিলামের মাধ্যমে অর্জিত অর্থ প্রবীণ যোদ্ধা এবং বিধবা ও সুবিধাবঞ্চিত নারীদের কল্যাণে ব্যয় করা হবে। টেলিগ্রাফ।