দল গঠন করে রাজনীতিতে ফিরলেন মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল পাকিস্তান মুসলিম লিগ নামে নতুন একটি দল গঠন করে রাজনীতিতে ফিরে আসার ঘোষণা দিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। গতকাল শুক্রবার লন্ডনে আনুষ্ঠানিক-ভাবে দল গঠনের ঘোষণা দেন দুই বছর থেকে স্বেচ্ছানির্বাসনে থাকা সাবেক এই জেনারেল।এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে মোশাররফ নতুন দল নিয়ে ২০১৩ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। অবশ্য তার আগেই তিনি দেশে ফিরে আসার কথা জানান। সমর্থকদের অভিনন্দনের জবাবে তিনি বলেন, ‘পাকিস্তানকে একটি প্রগতিশীল, আধুনিক ও ইসলামি রাষ্ট্রে পরিণত করার সময় এসেছে।’প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সরকার পাকিস্তানের বিরাজমান সংকট থেকে উত্তরণের কোনো পথ দেখাতে পারেনি উল্লেখ করে মোশাররফ বলেন, নতুন দল ‘জাতীয় ত্রাণকর্তা’র ভূমিকায় অবতীর্ণ হবে। দেশে কবে ফিরবেন, জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘যত বিপদই আসুক না কেন, পরবর্তী নির্বাচনের আগেই আমি দেশে ফিরব।’৬৭ বছর বয়সী মোশাররফ ইসলামি জঙ্গিদের পক্ষ থেকে হুমকির কথা স্বীকার করেন। কিন্তু তিনি দেশে ফেরার পর রাজনৈতিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত হওয়ার হুমকি উড়িয়ে দেন। ক্ষমতায় থাকাকালে তাঁকে দুবার হত্যার চেষ্টা করেছিল এই জঙ্গিরা। সাবেক জেনারেল বলেন, ‘বর্তমানে পাকিস্তানের আদালতে আমার বিরুদ্ধে কোনো মামলা নেই।’ গতকাল বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে মোশাররফ বলেন, ‘আমি দেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছি। রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারলে আমার দেশে ফেরা সহজ হবে। আমি নিজেকেও রক্ষা করতে পারব।’২০০৮ সালের নির্বাচনে মিত্ররা হেরে যাওয়ার পর ক্ষমতা ছেড়ে ব্রিটেনে পাড়ি দেন মোশাররফ। গত মাসে তিনি জানান, ২০১৩ সালের নির্বাচনের আগে দেশে ফিরতে চান। তবে দেশে ফিরলে একাধিক মামলায় তিনি বিচারের সম্মুখীন হতে পারেন।পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোশাররফ বলেন, বিচারের ভয় তিনি করেন না। তবে এ ছাড়া অন্য বিপদ আছে, যেমন জঙ্গিরা তাঁকে হত্যা করতে পারে। পাকিস্তানে আবার সামরিক অভ্যুত্থান ঘটতে পারে বলে সতর্ক করে দিয়ে এর আগে মোশাররফ বলেন, এ সমস্যা থেকে রেহাই পাওয়ার একটাই পথ, তা হলো দেশের শাসন-প্রক্রিয়ায় সেনাবাহিনীকে সাংবিধানিকভাবে কিছু দায়িত্ব দেওয়া। তিনি বলেন, পাকিস্তানের জনগণের জন্য সেনাবাহিনীই একমাত্র ভরসা। কেননা, সরকারের কর্মকাণ্ডে তারা হতাশ।মোশাররফ আরও বলেন, ‘আমরা পাকিস্তানকে ভেঙে যেতে দিতে পারি না। কোনো পাকিস্তানিই তা পারবে না এবং চায়ও না। তাহলে আমাদের রক্ষা করবে কে? সেনাবাহিনীই তা পারে।’ রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে ১৯৯৯ সালে ক্ষমতা দখল করেন জেনারেল মোশাররফ। প্রায় ১০ বছর ক্ষমতায় থেকে ২০০৭ সালে তিনি সরে দাঁড়ান। এএফপি, বিবিসি।