দল গঠনের ইঙ্গিত দিয়ে অনশন ভাঙলেন আন্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়ে গতকাল শুক্রবার অনশন ভেঙেছেন ভারতের গান্ধীবাদী সমাজকর্মী ও দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে।আন্না হাজারের দুর্নীতিবিরোধী সংগঠন টিম আন্নার কর্মীরা নয় দিন আগে অনশন শুরু করেন নয়াদিল্লির যন্তর-মন্তরে। আন্না তাঁদের সঙ্গে যোগ দেন গত রোববার।গত বৃহস্পতিবার আন্না জানান, রাজনৈতিক দল গঠন করা হবে কি না, সে বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জানতে চান তাঁর সহযোগীরা। দল গঠন করা কোনো ভুল সিদ্ধান্ত হবে না বলেও মন্তব্য করেন আন্না হাজারে। তবে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে তহবিল জোগাড় করা প্রশ্নে উদ্বেগ প্রকাশ করেন তিনি।৭৫ বছর বয়সী সমাজকর্মী আন্না বলেন, ‘রাজনৈতিক দল গঠন করা কোনোভাবেই ভুল হবে না। জনগণকে আমাদের বিকল্প পথের সন্ধান দেওয়া প্রয়োজন। বিপুল জনসমর্থনই আমাদের দলের শক্তি হিসেবে কাজ করবে।’ইতিমধ্যে সমাজকর্মী ও আন্নার সমর্থক মেধা পাটেকার সতর্ক করে বলেছেন, রাজনীতিতে যোগ দেওয়ার আগে আন্না যেন অন্তত ১০০ বার এ বিষয়ে চিন্তা করেন। তবে বৃহস্পতিবার সকালে বিচারপতি সন্তোষ হেগড়ে, সাবেক সেনাপ্রধান জেনারেল ভি কে সিংসহ বিশিষ্ট ব্যক্তিদের একটি দল আন্নাকে লেখা এক চিঠিতে তাঁকে অনশন শেষ করার ও জনগণকে বিকল্প রাজনৈতিক দল উপহার দেওয়ার আহ্বান জানান। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।