আবার দলের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করলেন তৃণমূল সাংসদ ও প্রখ্যাত সংগীতশিল্পী কবির সুমন। তিনি বলেছেন, ‘দল চাইলে আমাকে তাড়িয়ে দিতে পারে। আমি রাজি আছি। এভাবে আমি চলতে পারব না।’এবারের ক্ষোভ প্রকাশের মূল কারণ লালগড়ের পুলিশবিরোধী জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতোকে নিয়ে গানের অ্যালবাম বের করা। এই অ্যালবামে সাতটি গান গেয়েছেন তিনি। এসব গানে লালগড়ের মাওবাদীদের আন্দোলন সমর্থন করে ছত্রধরের মুক্তি দাবি করা হয়।এতে খেপে যায় তৃণমূল। এ নিয়ে জোর বিতর্ক ওঠে রাজ্যজুড়ে। কারণ, কেন্দ্রীেয় সরকার লালগড়ে মাওবাদী আন্দোলন বন্ধ করার জন্য অভিযান শুরু করেছে। কেন্দ্রীয় সরকার মাওবাদীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রকারান্তরে জোটের শরিক মমতাও এখন অবস্থান নিয়েছেন মাওবাদীদের বিরুদ্ধে। আর সেখানে দলের এক সাংসদ এ ধরনের গান গাওয়ায় খেপে যান মমতা। বলেই ফেলেন, ‘কবির সুমন আমাদের অতিথি শিল্পী। তাঁর গানের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।’ এ ঘোষণার পর খেপে যান কবির সুমন। তিনি বলেন, ‘আমি ছত্রধরদের আন্দোলনের পাশে আছি। আমি আদিবাসীদের ওপর নির্যাতন নিয়ে গান লিখে যাব। দলের ভালো না লাগলে আমাকে তাড়িয়ে দিক।’এর আগে গত ১৫ নভেম্বর কলকাতা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে দলের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন সুমন। ওই সময় তিনি বলেছিলেন, ‘আমি তো এখন তৃণমূল ও সিপিএমকে একই পাল্লায় দেখতে পাচ্ছি। ফারাক দেখছি না।’প্রসঙ্গত, রাজ্যব্যাপী যখন রাজনৈতিক অঙ্গনে তৃণমূলের জোয়ার চলছে, সেই মুহূর্তে সাংসদ হওয়ার মাত্র আট মাসের মধ্যেই দলের বিরুদ্ধে দুবার বিদ্রোহ করে তৃণমূল কংগ্রেসকে বিপাকেই ফেলে দিয়েছেন কবির সুমন।