ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির সদ্য নির্বাচিত প্রধান এড মিলিব্যান্ড বলেছেন, তিনি দলকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনবেন। এ জন্য তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। একই সঙ্গে তিনি দলের প্রধান হওয়ায় দল বাম ঘেঁষা হয়ে পড়বে বলে প্রতিপক্ষের নেতারা যেসব মন্তব্য করছেন, তা তিনি প্রত্যাখ্যান করেছেন। এ ছাড়া নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আপন বড় ভাই ডেভিড মিলিব্যান্ড দলীয় যে পদ চাইবেন, তাঁকে সে পদ দেওয়া হবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন।গর্ডন ব্রাউন সরে দাঁড়ানোর পর গত শনিবার লেবার পার্টির প্রধানের পদে নির্বাচন হয়। এতে এড মিলিব্যান্ড ও ডেভিড মিলিব্যান্ডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্বাচনে এড পান ৫০ দশমিক ৬৫ শতাংশ ভোট এবং ডেভিড পান ৪৯ দশমিক ৩৫ শতাংশ ভোট। অর্থাৎ মাত্র ১ দশমিক ৩ শতাংশ বেশি ভোট পেয়ে দলীয় প্রধান নির্বাচিত হন এড।দ্য সানডে টেলিগ্রাফ পত্রিকায় এক নিবন্ধে এড মিলিব্যান্ড লিখেছেন, ‘দলকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনাই আমার মূল লক্ষ্য। এটা খুব শক্ত চ্যালেঞ্জ। এটা এক দীর্ঘ প্রক্রিয়াও বটে। তবে আমাদের দল নতুন প্রজন্মের নেতা নির্বাচিত করায় এই প্রক্রিয়ার প্রথম ধাপ ইতিমধ্যেই অতিক্রম করা সম্ভব হয়েছে।’ লেবার পার্টির এমপি ও সদস্যদের ভোটে ডেভিড এগিয়ে থাকলেও ট্রেড ইউনিয়নের সদস্যদের ভোটে এগিয়ে যান বাম ঘেঁষা এড। ক্ষমতাসীন টোরি দলের নেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এডের বাম ঘেঁষা মনোভাবের প্রতি ইঙ্গিত করে তাঁরা তাঁকে ‘রেড এড’ বলেও সম্বোধন করেছেন। অনেকেই মনে করছেন, বাম সংগঠনগুলো এবার লেবার দলের ওপর প্রভাব বিস্তার করতে পারে। তবে এড মিলিব্যান্ড নিজের বুদ্ধি-বিবেচনা দিয়েই দলীয় সিদ্ধান্ত নেবেন বলে কারও দ্বারা প্রভাবিত হবেন না। এএফপি ও বিবিসি অনলাইন।