দলিত নেত্রী মায়াবতীর সম্পদ পাঁচ বছরে বেড়ে দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মায়াবতীর সম্পদ গত পাঁচ বছরে বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। তাঁর দাখিল করা হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।উত্তর প্রদেশ রাজ্যের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর মায়াবতী এখন দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। রাজ্যের রাজধানী লক্ষেৗ থেকে দাঁড়ানোর জন্য গত মঙ্গলবার তিনি মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্রের সঙ্গে এই নেত্রী যে হলফনামা সংযুক্ত করেছেন তাতে দেখা যায়, বর্তমানে তিনি প্রায় ২২.৩৫ মিলিয়ন ডলার সমমূল্যের সম্পদের অধিকারী। এ অনুযায়ী তিনি দেশটির অন্যতম একজন ধনাঢ্য রাজনীতিবিদও।গত সপ্তাহ পর্যন্ত মায়াবতী ভারতের অন্যতম দরিদ্র্য রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতাসীন ছিলেন। রাজ্যে নিজ দলের হতাশাজনক ফলাফলের পর তিনি তাঁর পদ থেকে সরে দাঁড়ান। ২০০৭ সালে যখন তিনি রাজ্যটির মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তখন তাঁর সম্পদের পরিমাণ ছিল প্রায় ১০.৪২ মিলিয়ন ডলার।পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যরা রাজ্যের বিধানসভার সদস্যদের ভোটে ছয় বছরের জন্য নির্বাচিত হন। আগামী ৩০ মার্চ এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা।মায়াবতীর সম্পদের খতিয়ান থেকে আরও দেখা যায়, তিনি লক্ষেৗতে প্রায় ৩.১৪ মিলিয়ন ডলারের একটি বিশাল বাংলো, এক লাখ ৯৪ হাজার ডলারের গয়না ও হীরা এবং ১০৮ ডলার মূল্যের রিভলবারের গর্বিত মালিক। গত বছরের সেপ্টেম্বর মাসে ফাঁস হওয়া এক মার্কিন কূটনৈতিক তারবার্তায় বলা হয়, মুম্বাই থেকে নিজের জন্য এক জোড়া জুতা নিয়ে আসতে একটি বিমান পাঠিয়েছিলেন মায়াবতী। তবে তিনি এ অভিযোগ নাকচ করে দেন। এএফপি।