দলীয় কোন্দলের কথা অস্বীকার কেজরিওয়ালের

দলের মধ্যে কোনো বিভেদ সৃষ্টির বিষয়টি অস্বীকার করেছেন ভারতের দিল্লির ভাবী মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আজ বুধবার সাংবাদিকদের কাছে এ দাবি করেন কেজরিওয়াল।
মন্ত্রিসভায় স্থান না পাওয়া নিয়ে এএপি নবনির্বাচিত সাংসদ বিনোদ কুমার বিনয় দলের প্রতি অসন্তুষ্ট হয়েছেন বলে খবর প্রকাশিত হয়। এ প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘আসলে বিনয় আমার কাছে এসে বলেছেন, তিনি কোনো পদ নিতে চান না।’
এদিকে দলে অসন্তোষের বিষয়টি বিনয়ও অস্বীকার করেছেন। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘কে বলল, আমি দলের প্রতি ক্ষুব্ধ?’ বিনয় বলেন, ‘আমি মন্ত্রী হতে চাই না। জনগণের সেবা করতে চাই।’
সরকার গঠনে সমর্থন দেওয়া নিয়ে কংগ্রেসের ভেতরে মতভেদ প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘ইস্যুর ভিত্তিতে আমরা সরকার গঠন করতে যাচ্ছি। কারও সঙ্গে আমাদের কোনো জোট নেই। কংগ্রেসই প্রথম এএপিকে শর্তহীন সমর্থন দেওয়ার কথা বলেছে।’