দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে পারেন কাস্ত্রো
কিউবার কমিউনিস্ট পার্টি আগামী এপ্রিলে দলের নতুন নেতৃত্ব নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। দলটির ঘনিষ্ঠ একজন সহযোগী গতকাল মঙ্গলবার এ তথ্য জানান। ওই নির্বাচনের মধ্য দিয়ে প্রবাদপ্রতিম নেতা ফিদেল কাস্ত্রো দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন বলে ধারণা করা হচ্ছে।অবশ্য এরই মধ্যে ফিদেল কাস্ত্রো (৮৪) দলের ফার্স্ট সেক্রেটারি হিসেবে তাঁর অধিকাংশ দায়িত্বই হস্তান্তর করেছেন। তিনি শুধু পদবি ধারণ করছিলেন। তিনি সরে দাঁড়ালে দলের সেকেন্ড সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকারী তাঁরই ছোট ভাই রাউল কাস্ত্রো নিয়মানুযায়ী ওই পদের অধিকারী হবেন। এর আগে ২০০৮ সালে ফিদেল কাস্ত্রো প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালে রাউল কাস্ত্রো প্রেসিডেন্ট হন।এদিকে রাউল যদি দলের দায়িত্ব নেন, তবে এবার প্রথমবারের মতো কাস্ত্রো পরিবারের বাইরের কাউকে সেকেন্ড সেক্রেটারি করতে হবে। কারণ পরিবারটির এমন আর কেউ নেই যিনি এই গুরুদায়িত্ব নিতে পারেন। ১৯৬৫ সালে কিউবার কমিউনিস্ট পার্টি গঠনের পর থেকে এর প্রধান পদ দুটিতে পরিবারের দুই ভাই দায়িত্ব পালন করে আসছিলেন। প্রথম ও দ্বিতীয় সেক্রেটারি হিসেবে ফিদেল ও রাউল কাস্ত্রো দলের কেন্দ্রীয় কমিটিকে দিকনির্দেশনা দিয়ে আসছেন। রয়টার্স।