দলে আরও বড় ভূমিকায় রাহুল গান্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রিত্বের ব্যাপারে এ মুহূর্তে রাহুল গান্ধীর তেমন আগ্রহ দেখা না গেলেও, সময়ের সঙ্গে সঙ্গে দলে তাঁর ভূমিকা বাড়ছে। ভারতের ক্ষমতাসীন জাতীয় কংগ্রেস দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন রাহুল গান্ধী।উত্তর প্রদেশ রাজ্যের আমেথি থেকে নির্বাচিত এই পার্লামেন্ট সদস্য (এমপি) এখন ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস (আইওয়াইসি) ও ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার দায়িত্বে রয়েছেন। এ দুটো সংগঠন কংগ্রেসের সহসংগঠন হিসেবে পরিচিত। দলীয় সূত্রে জানা গেছে, কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী তাঁর ছেলেকে আরও বেশি ক্ষমতা দিয়েছেন।২০০৯ সালের লোকসভা নির্বাচনের পর রাহুল গান্ধীকে গুরুত্বপূর্ণ উত্তর প্রদেশ রাজ্য কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন তিনি বিহার, তামিলনাড়ু ও কেরালা রাজ্যে কংগ্রেসের নীতিনির্ধারণেও ভূমিকা রাখতে যাচ্ছেন। এ বছরের শেষ দিকে ও আগামী বছরের শুরুতে এ তিন রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার কথা।দলের সূত্রগুলো জানিয়েছে, বিহারে কংগ্রেস কমিটির সভাপতি পদে মেহবুব আলীর নিয়োগ ও কেন্দ্রীয় সামাজিক বিচারমন্ত্রী মুকুল ওয়াসনিককে ওই রাজ্যের দায়িত্ব দেওয়ার ব্যাপারে সোনিয়া গান্ধীর সিদ্ধান্তের পেছনে রাহুলের ভূমিকা ছিল। তাঁরা কংগ্রেসনেতা অনিল শর্মা ও জগদীশ তিতলারের স্থলাভিষিক্ত হয়েছেন। আগামী দিনগুলোতে বিহারের কংগ্রেসে আরও পরিবর্তন আসবে বলে আভাস দিয়েছেন দলের নেতারা।গত সপ্তাহে সাবেক স্পিকার ও কেরালার কংগ্রেসনেতা ভি এম সুধিরন এবং রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডির সঙ্গে বৈঠক করেন রাহুল। পাশাপাশি তিনি আলাদাভাবে কেরালা কংগ্রেসের সভাপতি রমেশ চেন্নিথালাকেও ডেকে পাঠান। সেখানকার দলীয় কোন্দল এবং আইওয়াইসি ও কংগ্রেসের সদস্য সংগ্রহে ভাটা দেওয়ার পরিপ্রেক্ষিতেই এ বৈঠক হয়।কেরালার কংগ্রেসনেতা ও লোকসভার এমপি পি সি চাক্কো প্রকাশ্যে রাজ্যের দলীয় শাখাপ্রধানের পদ থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত চেন্নিথালার সরে দাঁড়ানোর দাবি জানিয়েছেন। দলীয় সূত্র জানিয়েছে, রাহুল কেরালার নেতাদের ডেকে নিশ্চয়তা চেয়েছেন, সেখানে যাতে কোনো ধরনের দলীয় কোন্দল না থাকে।অন্ধ্রপ্রদেশের রাজনীতির দিকেও তীক্ষ দৃষ্টি রাখছেন রাহুল। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ওই রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির ছেলে ও এমপি জাগানের ব্যাপারে অসন্তুষ্ট তিনি। জাগানের আয়োজিত সমাবেশের কারণে রাজ্যে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটে। সেখানকার বর্তমান মুখ্যমন্ত্রীও জাগানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।গত সপ্তাহে কংগ্রেসের তরুণ এই সাধারণ সম্পাদক চেন্নাইয়ে অনির্ধারিত এক সফরে গিয়ে যুব কংগ্রেসের একটি সমাবেশে ভাষণ দেন। তিনি তামিলনাড়ু রাজ্যের রাজনৈতিক অবস্থার পর্যালোচনা করেন। তিনি তরুণ নেতাদের কাছে মতামত চান, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস এককভাবে, না আঞ্চলিক দলগুলোর সঙ্গে মিলে নির্বাচন করবে। ওই সফরের সময় তিনি রাজ্যের নেতাদের সঙ্গে দূরত্ব বজায় রাখেন। ২০১১ সালে বিধানসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে একটি ঐক্যবদ্ধ দল দেখতে চান রাহুল। নয়াদিল্লিতে গত ২৪ মে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রতিবেদন উপস্থাপন করেন। ওই অনুষ্ঠানে সরকারের বাইরের একমাত্র আমন্ত্রিত অতিথি ছিলেন রাহুল। এ থেকেই বোঝা যায়, ভারতীয় রাজনীতিতে আসন্ন দিনগুলোতে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছেন তিনি।