দলে দলে পালাচ্ছে গাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলি হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে দলে দলে গাজা ছাড়ছেন ফিলিস্তিনের সাধারণ না​গরিক। ছবিটি গতকাল গাজার শাজাইয়া এলাকা থেকে তোলা l রয়টার্স
ইসরায়েলি হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে দলে দলে গাজা ছাড়ছেন ফিলিস্তিনের সাধারণ না​গরিক। ছবিটি গতকাল গাজার শাজাইয়া এলাকা থেকে তোলা l রয়টার্স

আগের ঘোষণামতোই গাজায় ফিলিস্তিনিদের ওপর গতকাল রোববার থেকে বিমান ও স্থল অভিযান জোরদার করেছে ইসরায়েল। দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। প্রাণে বাঁচতে দলে দলে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে এ উপত্যকার শত শত মানুষ।
গতকাল রোববার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বিরামহীন হামলায় নিহত হয়েছে ৯৭ জন। বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও স্থলের ট্যাংকের গোলার আঘাতে গাজার বিভিন্ন স্থানে এ প্রাণহানি ঘটে। হামলা শুরুর পর এক দিনে এটাই সর্বোচ্চ প্রাণহানি। হামলার কেন্দ্রস্থল ছিল সীমান্তের খুব কাছের ঘনবসতিপূর্ণ শহর শাজাইয়া। শুধু শাজাইয়াতেই গতকাল নিহত হয়েছে ৬২ জন। আর ইসরায়েল বলেছে, রোববার তাদের ১৩ জন সেনা নিহত হয়েছে। হামলা শুরুর পর এ নিয়ে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা দাঁড়াল ১৮তে। খবর এএফপি, বিবিসি, সিএনএন ও নিউইয়র্ক টাইমসের।
গতকাল ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গাজায় স্থল অভিযানের পরিধি এরই মধ্যে বাড়িয়েছে তারা। অভিযানের আওতাভুক্ত এলাকায় পাঠানো হচ্ছে আরও বেশিসংখ্যক সেনাসদস্য। আর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামলায় তাঁর প্রতি জোরালো আন্তর্জাতিক সমর্থন রয়েছে।
৮ জুলাই শুরু হওয়া ইসরায়েলের নির্বিচার সামরিক অভিযানে গাজায় নিহত ব্যক্তির সংখ্যা গতকাল সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় ৪৩৫ জনে। ‘অপারেশন প্রোটেকটিভ এজ’ নামের এই অভিযান ১৩তম দিনে পড়েছে গতকাল। এক দিন আগে শনিবার মৃতের সংখ্যা ছিল প্রায় সাড়ে তিন শ।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, গাজায় গত পাঁচ বছরের মধ্যে ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী এ হামলায় আহত নারী-পুরুষ-শিশুর সংখ্যাও বেড়ে হয়েছে অন্তত তিন হাজার ২০ জন। হতাহত এসব মানুষের অধিকাংশই নিরীহ বেসামরিক লোক। জাতিসংঘ বলেছে, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত যারা নিহত হয়েছে, তাদের ৭০ শতাংশের বেশি বেসামরিক লোক। নিহত ব্যক্তিদের এক-পঞ্চমাংশ শিশু।
পালিয়েও রক্ষা নেই!: গাজার বেশ কয়েকজন বাসিন্দা বলেন, শনিবারই তাঁরা নিজেদের বাড়িঘর ছেড়ে সরে পড়ার জন্য ইসরায়েলের তরফ থেকে হুঁশিয়ারি পেয়েছিলেন। কিন্তু তাঁরা জানেন, বাড়ি ছেড়েও কোনো লাভ হবে না। গাজার যেখানেই যাবেন, সেখানেই তাঁরা একই পরিণতির শিকার হতে পারেন।
বোমা হামলার মুখে পলায়নপর কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সাংবাদিকেরা জানান, গতকাল তাঁরা শাজাইয়া শহরের রাস্তাগুলোতে বহু মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। তা ছাড়া, হামলায় বিধ্বস্ত বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অনেকে।
ঘটনাস্থলে থাকা বিবিসির একজন সংবাদদাতা বলেন, পলায়নপর লোকজন খালি হাতে শুধু শিশুদের নিয়েই বাড়ি ছাড়ছিল। সিএনএন বলেছে, গতকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শাজাইয়া থেকে বাসিন্দারা দলে দলে গাজার কেন্দ্রস্থলের দিকে ছুটতে থাকে। তাদের কেউ কেউ ছিল খালি পায়ে।
‘তারা যুদ্ধাপরাধ করছে’: ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করেন, শাজাইয়া শহরে ইসরায়েলি বাহিনী রীতিমতো গণহত্যা চালিয়েছে। তারা যুদ্ধাপরাধ করেছে। আহত ব্যক্তি ও ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা মানুষকে উদ্ধারে এলাকায় কোনো অ্যাম্বুলেন্স বা আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কর্মীদের ঢুকতে দিচ্ছে না। তাদের এমন বাধা দেওয়ার কথা নিশ্চিত করেছেন ত্রাণকর্মীরাও।
দুই ঘণ্টার যুদ্ধবিরতিও ভন্ডুল: শাজাইয়া শহরে মানবিক বিপর্যয় সৃষ্টির প্রেক্ষাপটে গতকাল সেখানকার হতাহতদের কাছে জরুরি চিকিৎসাকর্মীদের পৌঁছাতে ইসরায়েলি বাহিনীর কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল আন্তর্জাতিক রেডক্রস। সে অনুযায়ী সেনারা দুই ঘণ্টার যুদ্ধবিরতিতেও সম্মত হয়। কিন্তু এ যুদ্ধবিরতিও টেকেনি। এ জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েল। তাদের অভিযোগ, এ সময়ের মধ্যে হামাস হামলা চালায় এবং তারাও এর জবাব দেয়।
হামাসের রকেট অব্যাহত: গাজার শাসন পরিচালনার দায়িত্বে থাকা কট্টরপন্থী ফিলিস্তিনি গোষ্ঠী হামাস গতকালও ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়া অব্যাহত রাখে। মিসরের প্রস্তাবিত যুদ্ধবিরতির উদ্যোগ নিয়ে আলোচনায় বসতে দেশটির আহ্বানও নাকচ করে দেয় গোষ্ঠীটি। মধ্যস্থতাকারী দেশ মিসরের যুদ্ধবিরতি প্রস্তাবসংক্রান্ত পরিকল্পনা প্রাথমিকভাবে ইসরায়েল গ্রহণ করলেও প্রত্যাখ্যান করে হামাস। সংগঠনটি বলেছে, এ পরিকল্পনা তাদের সঙ্গে পরামর্শ না করেই তৈরি করা হয়েছে। পরিকল্পনা মানতে কিছু শর্তও আরোপ করেছে হামাস।
বান কি মুন ও সিসির সাক্ষাৎ: গাজায় রক্তপাত অবসানে ওই অঞ্চলের প্রভাবশালী দেশ মিসরের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে আজ প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের আলোচনায় গাজার পরিস্থিতি ও যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মিসরের উদ্যোগের বিষয়গুলো প্রাধান্য পাবে। যুদ্ধবিরতি নিয়ে কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদের সঙ্গে আলোচনা করতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন আজ সে দেশে যাবেন। মুনের আম্মান, জেরুজালেম ও রামাল্লাহও সফর করার কথা।
কুয়েত-হামাস আলোচনা: গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে গতকাল কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহর সঙ্গে আলোচনা করেছেন হামাসের প্রধান খালেদ মেশাল। কুয়েতের সরকারি বার্তা সংস্থা ও একটি কূটনৈতিক সূত্র এ খবর জানিয়েছে। তবে দুই নেতার আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি। খালেদ মেশাল গতকাল সকালে কাতার থেকে কুয়েতে যান। কুয়েত আরব লিগের বর্তমান সভাপতি রাষ্ট্র।