দলের ঐক্য ধরে রাখার আহ্বান জানালেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের ঐতিহাসিক নির্বাচন এগিয়ে আসার প্রেক্ষাপটে দেশটির বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি তাঁর দলের নেতা-কর্মীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন। পদ নিয়ে দলের ভেতর ‘কিছুটা বিরোধ’ রয়েছে স্বীকার করে গতকাল শনিবার তিনি দলীয় কংগ্রেসে এই আহ্বান জানান। ২০১৫ সালে ওই নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী সু চি তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রথম কংগ্রেসে ওই অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা স্বীকার করে বলেন, সৌভ্রাতৃত্বের চেতনা খুবই গুরুত্বপূর্ণ।কিছু বিশ্লেষকের ধারণা, এনএলডির এই দ্বন্দ্বে দলটির ক্ষমতায় যাওয়ার পথে ছায়া ফেলতে পারে। তাঁরা বলেন, যদিও এনএলডি মিয়ানমারে দারুণ জনপ্রিয় এবং দেশটি বহু বছরের সামরিক শাসন থেকে গণতন্ত্রের পথে উঠে এসেছে, তার পরও দলটি রাজনৈতিকভাবে অনভিজ্ঞ। তা ছাড়া, দলটির হাল ধরে থাকা প্রবীণ নেতারা নেতৃত্বের আসনে যেতে উন্মুখ তরুণদের জন্য পদ ছাড়তে ইচ্ছুক নন।অভ্যন্তরীণ কোন্দলের প্রতিফলন ঘটিয়ে দলটির চার সদস্যকে ওই কংগ্রেসে অংশ নিতে দেওয়া হয়নি। জান্তা শাসনামলের পর এটিই এনএলডির প্রথম কংগ্রেস। ওই চারজনের বিরুদ্ধে কংগ্রেসকে সামনে রেখে প্রতিনিধিদের প্রভাবিত করার চেষ্টা চালানোর অভিযোগ আনা হয়েছে।কংগ্রেসে গতকাল এনএলডির চেয়ারম্যান পদে ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা। পদটির প্রার্থী সু চি অংশগ্রহণকারী প্রতিনিধিদের বর্তমান সময়, দল ও দেশের জন্য যোগ্য এমন একজনকে নেতা হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানান।৬৭ বছর বয়সী সু চি দেশের প্রেসিডেন্ট হওয়ার উচ্চাকাঙ্ক্ষার কথা নাকচ করে দেননি। তবে একজন ব্রিটিশ নাগরিককে বিয়ে করায় এবং দুই সন্তানই বিদেশি নাগরিকত্বের অধিকারী হওয়ায় সাংবিধানিকভাবে ওই পদ অধিকারে তাঁর বাধা রয়েছে। এএফপি।