দলের শীর্ষনেতাদের সঙ্গে ওলাঁদের বৈঠক
ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ আগামী পার্লামেন্ট নির্বাচনেও সমাজতন্ত্রী দলের বর্তমান সাফল্য ধরে রাখার বিষয়ে কৌশল ঠিক করতে শীর্ষ নেতাদের সঙ্গে গতকাল বুধবার আলোচনা করেন। একই দিনে বিদায়ী প্রেসিডেন্ট নিকোলা সারকোজি তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শেষ বৈঠক করেছেন। নতুন সরকার গঠন এবং নির্বাচিত হওয়ার পর জার্মানির বার্লিনে প্রথম বিদেশ সফরের প্রস্তুতি নিয়ে ওই বৈঠকে ওলাঁদ দলের নেতাদের সঙ্গে পরামর্শ করেন। ইউরোপের ব্যয় সংকোচন চুক্তি পুনর্বিবেচনা-সংক্রান্ত ওলাঁদের যে পরিকল্পনা রয়েছে, তা নিয়ে বার্লিন সফরে তিনি বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।ওলাঁদ দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে গতকাল এই বৈঠক করেন। গত রোববার দ্বিতীয় দফার নির্বাচনে জয়ের পর এটি ছিল সমাজতন্ত্রী নেতাদের প্রথম নীতিনির্ধারণী বৈঠক। ১৫ মে প্রেসিডেন্ট হিসেবে ওলাঁদ আনুষ্ঠানিক দায়িত্ব নেবেন।সমাজতন্ত্রী দলের একটি সূত্র জানায়, আলোচনায় পার্লামেন্ট নির্বাচনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। আগামী জুনের ১০ ও ১৭ তারিখ দুই দফায় এই নির্বাচন হবে। পার্লামেন্টে সমাজতন্ত্রী দলের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার কৌশল নিয়ে নেতারা আলোচনা করেন।পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা না গেলে প্রেসিডেন্ট ওলাঁদ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন। সমাজতন্ত্রীরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে নির্বাহী ক্ষমতার অধিকারী হবেন প্রধানমন্ত্রী।এদিকে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল গত মঙ্গলবার ওলাঁদের উদ্দেশে লেখা এক চিঠিতে বলেছেন, ইউরোপের ঋণসংকট মোকাবিলায় ব্যয় সংকোচন চুক্তি পুনর্বিবেচনা করার কোনো সুযোগ নেই।ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের একজন জার্মান সদস্যও সতর্ক করে দিয়ে বলেন, ফ্রান্সের উচিত ওই চুক্তির বিষয়টিকে সম্মান জানানো এবং এটি অপরিবর্তনীয় রাখা। এএফপি।