দলের সব পদ থেকে পদত্যাগ আদভানির
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন।
আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার অনলাইন প্রতিবেদনে জানানো হয়, দলের জাতীয় কর্মসমিতি, সংসদীয় বোর্ড ও নির্বাচনী কমিটি থেকে পদত্যাগ করেছেন আদভানি। পদত্যাগের কথা জানিয়ে বিজেপির প্রেসিডেন্ট রাজনাথ সিংয়ের কাছে ইতিমধ্যে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি।
গতকাল রোববার গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২০১৪ সালের নির্বাচনী প্রচারাভিযানের মূল দায়িত্ব দেওয়া হয়। শীর্ষ নেতৃত্বের একাংশের তীব্র বিরোধিতা সত্ত্বেও গোয়ায় দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের শেষ দিন মোদিকে নির্বাচনী প্রচার কমিটির চেয়ারম্যান ঘোষণা করেন দলের সভাপতি রাজনাথ সিং। এর পরের দিন আজ আদভানি দলের সব পদ থেকে পদত্যাগ করলেন।
মোদির প্রতি বিরোধিতার কারণেই ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন আদভানি। যদিও সভাপতি রাজনাথ জানান, মোদিকে সর্বসম্মতিক্রমে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বৈঠক শেষে রাজনাথ সাংবাদিকদের বলেন, ‘আমি গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিজেপির নির্বাচনের প্রচার কমিটির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করছি। ২০১৪ সালের লোকসভা নির্বাচন ও এতে জয়ের চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
‘অসুস্থতা’র কথা বলে নির্বাহী বৈঠকে আদভানি অনুপস্থিত থাকলেও নতুন দায়িত্ব পাওয়ার পরপরই তাঁকে ফোন করে আশীর্বাদ চান মোদি। বৈঠক শেষে ইন্টারনেটে টুইট বার্তায় এ কথা জানান তিনি।
বিজেপির অধিকাংশের ধারণা, মোদি উন্নয়নের যে মডেল তুলে ধরেছেন, দেশের যুব সম্প্রদায়ের কাছে তা এক আশার বার্তা বয়ে এনেছে। ভোটের বাক্সে এর ইতিবাচক প্রতিফলন ঘটবে।
আদভানিসহ যাঁরা এ ধারণার বিরুদ্ধে, তাঁদের যুক্তি ছিল বিতর্কিত মোদিকে এভাবে গুরুত্ব দিলে তা বিরোধীদের হাতই যে শুধু শক্ত করবে তা নয়, মোদির অতীত রেকর্ডের কারণে দেশ ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সাম্প্রদায়িকতা’ এই দুই শিবিরে বিভক্ত হয়ে যাবে।
গোয়া বৈঠকের মূল আকর্ষণই ছিলেন মোদি। গুজরাটের গণ্ডি পেরিয়ে দেশকে নেতৃত্ব দেওয়ার অভিপ্রায় তাঁর পূরণ হয় কি না, সেদিকেই নিবদ্ধ ছিল ভারতের নজর। সেই অভিপ্রায় বাস্তবায়িত হওয়ার প্রথম ধাপ হিসেবে উঠে আসে প্রচারাভিযান কমিটির প্রধানের পদটি।