দলের ৮০০ কর্মীর মুক্তি চান নাশিদ
মালদ্বীপের মালিতে ভারতীয় হাইকমিশনে আশ্রয় নেওয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ তাঁর দলের ৮০০ নেতা-কর্মীর মুক্তির দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাঁর একজন মুখপাত্র একথা জানান। সাবেক প্রেসিডেন্টের মুখপাত্র মারিয়া দিদি বার্তা সংস্থা এএফপিকে আরও জানিয়েছেন, ভারত সাগরে অবস্থিত তিন লাখ ৩০ হাজার সুন্নি-অধ্যুষিত মালদ্বীপের এই রাজনৈতিক অস্থিতিশীল অবস্থার সমাধানে ভারতকে আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট নাশিদ। মারিয়া দিদি আশা করেন, মালদ্বীপের নির্বাচনের আগে তাঁর মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) ৮০০ নেতা-কর্মীর ওপর দেওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করা হবে।গত বুধবার রাতে ভারতীয় দূতাবাস চত্বরের মধ্য থেকেই সাবেক প্রেসিডেন্ট এক বিবৃতিতে তাঁর উত্তরসূরি বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসানকে ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন।উল্লেখ্য, মালদ্বীপের একটি আদালতে গত রোববার হাজিরা দিতে ব্যর্থ হওয়ার পরদিন আদালতের হাকিম তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার এড়াতে তিনি ভারতীয় হাইকমিশনে আশ্রয় নেন। এএফপি।