দশ বছরে টুইটার
সামাজিক যোগা-যোগের জনপ্রিয় মাধ্যম টুইটার আগামী সোমবার ১০ বছর পূর্ণ করবে। নির্ধারিত সংক্ষিপ্ত আকারের বার্তা দেওয়ার এ মাধ্যমটিতে গত এক দশকে ঘটেছে অনেক আলোচিত ঘটনা। সে রকমই কয়েকটি:
২১ মার্চ ২০০৬: প্রথম টুইট করেন (অর্থাৎ টুইট বার্তা দেন) সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। তিনি লিখেছিলেন, ‘এইমাত্র আমার টুইটার চালু হলো’।
এপ্রিল ২০০৮: মিসরে সরকারবিরোধী আন্দোলনের সময় পুলিশের হাতে গ্রেপ্তারের পরপরই জেমস বাক নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র টুইট করেন, ‘গ্রেপ্তার হয়েছি’। এরপরই টুইটারের শক্তি বোঝা যায়। জেমসের গ্রেপ্তারের কথা দ্রুত ছড়িয়ে পড়ায় আন্দোলন তীব্রতর হয়। পরে জেমসকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তিনি আবার টুইট করলেন, ‘মুক্ত’।
মে ২০০৯: মহাকাশ থেকে প্রথম টুইট বার্তা এল নভোচারী মাইক মাসিমিনোর পক্ষ থেকে। তিনি লিখলেন, ‘কক্ষপথ থেকে: অপূর্ব অভিযাত্রা!!’
নভেম্বর ২০১২: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পুনর্নির্বাচিত হওয়ার পর সপরিবারে তোলা ছবিসহ টুইট করেন, ‘আরও চারটি বছর’। ওই সময় ছবিটি ব্যাপকভাবে শেয়ার করা হয়।
জুন, ২০১৪: মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর মজার টুইট, ‘আমরা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করছি না যে এটাই আমাদের প্রথম টুইট’।