দাঙ্গা ভোলাতে 'গুজরাট মডেল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে উত্তুঙ্গ এক নির্বাচনী প্রচারণা শেষ করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি৷ দীর্ঘ এই অক্লান্ত প্রচারণায় তিনি নিজেকে দাঁড় করিয়েছেন ‘মোদি বনাম বাকি সবাই’—এমন একটা জায়গায়৷ প্রতিষ্ঠা করেছেন ‘ব্র্যান্ড মোদি’৷ পুরো ভারতকে স্বপ্ন দেখিয়েছেন গুজরাট মডেলের৷ দেশের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত ছুটে বলে বেড়িয়েছেন, ‘গুজরাটকে আমি পাল্টে দিয়েছি, এখন ভারতকে বদলে দেওয়ার সুযোগ দিন৷’
পুরো প্রচারণায় মোদি তাঁর ‘গুজরাট মডেল’ সামনে রেখেছেন৷ কিন্তু বিরোধীরা বলছেন, এই মডেল আসলে একটি ফাঁপা বিষয়৷ গুজরাট দাঙ্গায় নিজের ‘কসাই ভাবমূর্তি’ আড়াল করতে মোদি কৌশলে এটি ব্যবহার করেছেন৷
শুধু বিরোধীরা নন, বিশ্লেষকেরাও মোদির এই ‘গুজরাট মডেলকে’ খুব ভালো নম্বর দিতে পারছেন না৷ লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক মৈত্রিশ ঘটক এবং ওয়ারভিক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ সঞ্চারী রায় বিষয়টি নিয়ে গবেষণা করেছেন৷ এই দুই অর্থনীতিবিদের মতে, মোদির নেতৃত্বে গুজরাটে উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু উন্নয়নের দিক দিয়ে গুজরাটের চেয়ে আরও ভালো করেছে তামিলনাড়ু ও মহারাষ্ট্রের মতো রাজ্য৷
অর্থনীতি ও সামাজিক অগ্রগতি নিয়ে অারেকটি গবেষণায় ভারতের স্বল্পোন্নত ১১টি রাজ্যের তালিকায় রাখা হয়েছে গুজরাটকে৷
এর পরও ‘গুজরাট মডেল’ এত রমরমা কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্লেষকেরাও বেশ একটু পেছনে ফিরে গেছেন৷ তাঁরা দেখতে পান, ২০০২ সালে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গায় নরেন্দ্র মোদির ভাবমূর্তি চরম কলঙ্কিত হয়ে পড়ে৷ পরের গুজরাট সরকার উদ্যোগী হয় ভাবমূর্তি প্রতিষ্ঠায়৷
যুক্তরাষ্ট্রভিত্তিক জনসংযোগ প্রতিষ্ঠান এপিসিওর অধিভুক্ত ভারতীয় প্রতিষ্ঠান ‘আকৃতি প্রমোশনস’-এর প্রধান পঙ্কজ মুধলকার জানান, ২০০৩ সালের শেষ দিকে নভোরাত্রি উৎসবের সঙ্গে মিলিয়ে একটি বিনিয়োগ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার৷ ওই সময় গ্রে অ্যাডভার্টাইজিংয়ে চাকরি করতেন পঙ্কজ৷ সরকারের ওই আয়োজনের সঙ্গে ছিল গ্রে৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে পঙ্কজ বলেন, ‘বিনিয়োগ সম্মেলন আয়োজনের মূল উদ্দেশ ছিল সরকারের তখনকার ভাবমূর্তি সংস্কার করা৷ আমরা মানুষের কাছে গুজরাটের একটি সুন্দর ও সুখী ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছিলাম৷’
২০১১ সাল পর্যন্ত নিয়মিত হতো ওই বিনিয়োগ সম্মেলন৷ প্রথম দিকের কয়েকটি সম্মেলনের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল গ্রে৷ পরে সেই কাজ পায় এপিসিও৷ প্রতিটি সম্মেলনে গণমাধ্যমকে খুবই গুরুত্ব দেওয়া হতো৷ বড় বড় কোম্পানির প্রধান নির্বাহীরা মোদির প্রশংসা করতেন একজন ‘উদ্যোগী মুখ্যমন্ত্রী’ হিসেবে৷ আর তা প্রচার করা হতো দেশজুড়ে৷
এভাবেই একজন বিতর্কিত নেতা থেকে উন্নয়নকামী মুখ্যমন্ত্রী হিসেবে মোদির প্রতিষ্ঠা৷ গণমাধ্যমে উঠে এল ‘গুজরাট মডেল’৷
গুজরাট মডেল যে কতটা ফাঁপা, তা তুলে ধরতে কিছু তথ্য উল্লেখ করছেন অনেকে৷ যেমন, মোদির আমলে রাজ্যে মোট ১৭ হাজার ৭০৫টি সমঝোতা স্মারকের আশ্বাস পাওয়া যায়৷ এর মধ্যে স্বাক্ষরিত হয় মাত্র এক হাজার ৯০৭টি৷ এ ছাড়া তথ্যমতে, ২০১৩ সালে ভারতে সবচেয়ে বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ঢোকে মহারাষ্ট্র রাজ্যে৷ এরপর রয়েছে দিল্লি৷ সেখানে গুজরাটের অবস্থান ষষ্ঠ৷
পঙ্কজ মুধলকার বলেন, ‘জনসংযোগ এবং বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দীর্ঘ সময় ধরে একই বার্তা বারবার দিতে হবে৷ একপর্যায়ে তা গ্রহণযোগ্যতা পেতে থাকবে৷ “মোদি ব্র্যান্ড” বা “গুজরাট মডেল” প্রতিষ্ঠায় সেটিই বেশ ভালোভাবে করতে পেরেছে মোদির সরকার৷’ এনডিটিভি৷