দাতব্য তহবিল মাঝপথে ছিনতাই করছে জঙ্গিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন গোলযোগপূর্ণ এলাকার দুর্গত মানুষের জন্য দাতব্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো তহবিল ছিনতাই করছে জঙ্গিরা। এই তহবিল তারা ব্যয় করছে দলীয় প্রচার কার্যক্রম বা সন্ত্রাসী হামলার কাজে। ইন্দোনেশিয়ার অবকাশ যাপন কেন্দ্র বালি দ্বীপে গতকাল বুধবার আন্তর্জাতিক সন্ত্রাস প্রতিরোধবিষয়ক এক বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়েছে।
ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের তৈরি করা প্রতিবেদনটিতে অলাভজনক বেসরকারি সংস্থাগুলোকে যেসব ঝুঁকি মোকাবিলা করতে হয়, সেগুলোরও উল্লেখ করা হয়। অস্ট্রেলিয়ার অর্থনৈতিক গোয়েন্দা সংস্থার প্রধান পল জেভটোভিক বৈঠকে বলেন, বিদেশি দাতব্য সংস্থাগুলোর পাঠানো অর্থ সহায়তা কাঙ্ক্ষিত গন্তব্যে বা প্রতিষ্ঠানে পৌঁছে না। অনেকটাই চলে যায় সন্ত্রাসী সংগঠনগুলোর কাছে। এটি খুব দুর্ভাগ্যজনক।
ফিলিস্তিনের ইসলামপন্থী সংগঠন হামাস ও এর সশস্ত্র সংগঠনগুলোর কাছে লাখ লাখ ডলার পাচারের অভিযোগে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের গাজা কার্যালয়ের পরিচালককে গত সপ্তাহে অভিযুক্ত করেন ইসরায়েলের একটি আদালত। এ প্রেক্ষাপটে এনজিওর অর্থ বেহাত হওয়ার বিষয়ে এ সতর্কতা এল। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ড ভিশন বলেছে, পরিচালক মোহাম্মেদ আল-হাবিবির বিরুদ্ধে অভিযোগ বিশ্বাস করার কোনো কারণ নেই।