সাইপ্রাসে অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) দাতাদের দেওয়া শর্ত প্রত্যাখ্যান করেছেন দেশটির আইনপ্রণেতারা। বিকল্প খুঁজতে গতকাল বুধবার প্রেসিডেন্ট নিকোস আনাসতাসিয়াদেস দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। প্রেসিডেন্টের প্রাসাদে ওই বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্যানিকোস দিমেত্রিয়াদেস, ইউরোপীয় ইউনিয়নের ত্রয়িকার এক সদস্য, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধিরা অংশ নেন। গত সপ্তাহে অর্থ ছাড়ের বিষয়ে ত্রয়িকা ও সাইপ্রাসের মধ্যে সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী, সাইপ্রাসকে এক হাজার কোটি ডলার দেবে ত্রয়িকা। কিন্তু শর্ত হলো সরকারকে ৫৮০ কোটি ইউরো জোগাড় করতে হবে। আর এই অর্থ জোগাড়ের জন্য সাইপ্রাসের সব ব্যাংক আমানতের ৯ দশমিক ৯ শতাংশ কর আদায়ের শর্ত দেয় দাতারা। এতে আমানতকারীদের ক্ষোভের মুখে পড়ে সরকার। প্রস্তাবটি মঙ্গলবার পার্লামেন্টে পেশ করা হলে তা পাস হয়নি।রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, বিকল্প উপায়ে ৫৮০ কোটি ইউরো সংগ্রহের চিন্তা করছে সরকার। এ নিয়ে গতকাল জরুরি বৈঠক হয়। তবে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এএফপি।