দাদি ও বাবার মতো আমাকেও হত্যা করা হতে পারে: রাহুল গান্ধী
ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের ভাইস চেয়ারম্যান রাহুল গান্ধী বলেছেন, ‘আমার দাদি ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছে। গুপ্ত হত্যার শিকার আমার বাবা (রাজীব গান্ধী)। তাই হয়তো একদিন আমাকেও হত্যা করা হবে। এ ব্যাপারে আমি উদ্বিগ্ন নই। আমি শুধু বলতে চাই, এ বিষয়গুলো আমি ভেতর থেকে অনুভব করি।’
আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক খবরে বলা হয়, বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উদ্দেশে রাহুল গান্ধী এ মন্তব্য করেন।
রাহুল গান্ধী বলেন, দাঙ্গার পর যখন তিনি উত্তর প্রদেশের মুজাফফরনগরে গিয়েছিলেন, তখন তিনি সেখানে বেশকিছু হিন্দু ও মুসলমানের সঙ্গে কথা বলেছিলেন।তাঁদের কথায় তিনি নিজের গল্পের একটা প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন।তিনি বলেন, ‘আমি তাঁদের দুঃখ, দুর্দশার ভেতরে আমার নিজের মুখ দেখেছিলাম।এ কারণেই আমি তাদের (বিজেপি) রাজনীতির বিরোধী।তারা রাজনৈতিক ফায়দা অর্জন করার জন্য সাধারণ মানুষের ক্ষতিসাধন করে।আর এটাই আমাকে তাদের বিরোধী অবস্থানে দাঁড় করিয়েছে।তারা মুজাফফরনগর, গুজরাট, উত্তর প্রদেশ ও কাশ্মীরে দাঙ্গার সৃষ্টি করেছে।এটা দেশের জন্য অনেক বড় একটা ক্ষতি।’ তিনি অভিযোগ করেন, বিজেপি দেশে সাম্প্রদায়িক উত্তেজনাকে উসকে দিয়েছে।’
রাহুল গান্ধী বলেন, এ ধরনের রাজনীতি দেশে উত্তেজনা বাড়িয়ে তোলে, সহিংসতার সৃষ্টি করে, যার কারণে অনেক মূল্যবান জীবন হারিয়ে যায়।
কংগ্রেসের ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের জন্য আমাদের সংগ্রাম চলছে।শুধু নির্বাচনে জেতাই আমার মূল উদ্দেশ্য নয়।ভবিষ্যতের জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও আমাদের করতে হবে।’
১৯৮৪ সালে রাহুল গান্ধীর দাদি ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁর শিখ দেহরক্ষীরা হত্যা করে।এরপর রাহুল গান্ধীর বাবা ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করে আততায়ীরা।