দাবদাহের কবলে পড়তে পারে আরও অনেক দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া এবং ইউরোপের কয়েকটি দেশে বর্তমানে তীব্র দাবদাহ চলছে। এ ছাড়া আরও অনেক দেশ দাবদাহের মুখে পড়তে পারে। এ ব্যাপারে সতর্ক করে বিভিন্ন দেশকে প্রস্তুতি নিতে বলেছে জাতিসংঘ। খবর এএফপির।
প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সমন্বিতভাবে দাবদাহে স্বাস্থ্য ঝুঁকি কমাতে করণীয় সম্পর্কে একটি নির্দেশিকা তৈরির কাজ শুরু করেছে।
জাতিসংঘের সংস্থা দুটি বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে দাবদাহের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এর তীব্রতাও বাড়তে থাকবে। দাবদাহ পানি ও জলবায়ু-সংশ্লিষ্ট দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে। আর এটি চলতেই থাকবে। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ এর তীব্রতা বাড়তেই থাকবে।
এ থেকে রক্ষা পেতে কয়েকটি পরামর্শ দিয়েছে জাতিসংঘ। এর মধ্যে অন্যতম হলো দাবদাহের আগাম সতর্কবার্তা দেওয়া এবং এই পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মানুষকে জানানো। তবে ডব্লিউএইচওর দিয়ারমিদ ক্যাম্পবেল-লেনদ্রান বলেন, বিশ্বের নানা জায়গায় দাবদাহের আগাম সতর্ক সংকেত দেওয়ার ব্যবস্থা নেই। তিনি এ প্রসঙ্গে পাকিস্তানের কথা উল্লেখ করেন। দেশটির সিন্ধুতে সাম্প্রতিক দাবদাহে ১ হাজার ২০০ মানুষ নিহত হয়। পার্শ্ববর্তী ভারতে দাবদাহে দুই হাজার মানুষ মারা যাওয়ার এক মাস পরেই পাকিস্তানে এই দুর্যোগ দেখা দিল। লেনদ্রান বলেন, বিশ্বের সব দেশেই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। তবে এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যগত কী প্রভাব দেখা দেবে, সে সম্পর্কে অনেক দেশেই কিছু জানানোর ব্যবস্থা নেই।
অতীতের বৈজ্ঞানিক গবেষণার ফলাফল বিশ্লেষণ করে ডব্লিউএইচও ও ডব্লিউএমওর নির্দেশিকায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের যেসব অঞ্চলে দাবদাহ সাধারণত ঘটে, এর বাইরের অঞ্চলগুলোও আক্রান্ত হতে পারে। এ ক্ষেত্রে আক্রান্ত হওয়ার বার্তার সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালগুলোকে প্রস্তুত রাখতে হবে।
সংস্থা দুটি বলছে, দ্রুত নগরায়ণ দাবদাহের অন্যতম কারণ। কেননা শহরের চেয়ে গ্রামের তাপমাত্রা কম থাকে।