দাবানল নিয়ন্ত্রণে লড়ে ১৯ অগ্নিযোদ্ধার মৃত্যু
যুক্তরাষ্ট্রের পশ্চিমের কয়েকটি অঙ্গরাজ্যে এখনো বয়ে চলেছে প্রচণ্ড তাপপ্রবাহ। কোনো কোনো এলাকার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছে। তাপপ্রবাহ থেকে অ্যারিজোনা অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে অন্তত ১৯ জন অগ্নিযোদ্ধার মৃত্যু হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, অ্যারিজোনার ফিনিক্স শহরের ৮০ মাইল উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ইয়ারনেল শহরের পাহাড়ে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালানোর সময় প্রাণহানির এ ঘটনা ঘটে।
মার্কিন ওয়াইল্ডল্যান্ড ফায়ার এভিয়েশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ইয়ারনেল পাহাড়ে দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে ১৯ জন অগ্নিনির্বাপণকর্মী মারা গেছেন। নিহত কর্মীদের বীর অ্যাখ্যা দিয়ে তাঁদের জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।
দাবানলের সূত্রপাত গত শুক্রবার। প্রচণ্ড তাপপ্রবাহ, কম আর্দ্রতা ও তীব্র বাতাসের কারণে দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়ে।
অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নেভাদাসহ যুক্তরাষ্ট্রের পশ্চিমের কয়েকটি অঙ্গরাজ্যে কয়েক দিন ধরে প্রচণ্ড তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। অসহনীয় তাপপ্রবাহে অনেকেই পানিশূন্যতা ও দুর্বলতায় ভুগছে। বেশ কিছু ভুক্তভোগী ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে।
কোনো কোনো এলাকার তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি বিশ্বের সর্বকালের রেকর্ড তাপমাত্রার কাছাকাছি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস পশ্চিমের কিছু কিছু এলাকায় আজ সোমবার পর্যন্ত তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কতা জারি করেছে।