দাবি অনুযায়ী তথ্য না দিলে জেলে যেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিশা মায়ার
মারিশা মায়ার

সার্চ ইঞ্জিন ইয়াহুর প্রধান মারিশা মায়ার জানিয়েছেন, তাঁর আশঙ্কা, মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) দাবি মোতাবেক তথ্য-উপাত্ত না দিলে বিশ্বাসঘাতকতার দায়ে জেলে যেতে হতে পারে। ‘অত্যাচারী সরকারের’ হাত থেকে ইয়াহু ব্যবহারকারীদের রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমন প্রশ্নের জবাবে ইয়াহুর প্রধান ওই আশঙ্কার কথা জানিয়েছেন। ইয়াহুর প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) মায়ার বুধবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত একটি প্রযুক্তিবিষয়ক সেমিনারে অংশ নেন। সেমিনারে মায়ার বলেন, তথ্য-উপাত্ত দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার অনুরোধ করলে ইয়াহু বিষয়টি যাচাই-বাছাই করে দেখে। তারা মার্কিন ফরেন ইন্টেলিজেন্স সারভেইল্যান্স কোর্টে (এফআইএসসি, ফিসা আদালত নামেও পরিচিত) গিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করে। তবে আইনি লড়াইয়ে হেরে গেলে ইয়াহুকে অবশ্যই সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করতে হয়। তা না হলে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হতে হয়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ইয়াহু ব্যবহারকারীদের তথ্য দাবি করার বিষয়টি তিনি কেন প্রকাশ করে দেননি, এমন প্রশ্নের জবাবে ইয়াহুর প্রধান মায়ার বলেন, ‘আপনি যদি আদেশ না মানেন, তবে সেটা বিশ্বাসঘাতকতার শামিল। বিষয়টি অতি গোপনীয় হওয়ায় আমরা এ বিষয়ে কথা বলতে পারি না। গোপন তথ্য প্রকাশ করাই বিশ্বাসঘাতকতা। এ জন্য আপনাকে জেলে যেতে হবে। আমাদের ব্যবহারকারীদের সুরক্ষা প্রশ্নে পদ্ধতির মধ্যে থেকে কাজ করাই বেশি যুক্তিযুক্ত।’

সন্ত্রাসবাদ বা অন্যান্য হুমকির বিরুদ্ধে লড়াইয়ের যুক্তি দিয়ে মার্কিন সরকার ইয়াহু, ফেসবুক, মাইক্রোসফটসহ কয়েকটি শীর্ষ ইন্টারনেট প্রতিষ্ঠানের কাছে তাদের গ্রাহকদের যেসব তথ্য চেয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। মার্কিন কর্তৃপক্ষ প্রকৃতপক্ষে কী কী তথ্য চেয়েছিল এবং কোনগুলো তাদের কাছে প্রকাশ করা হয়েছে, তা পরিষ্কার করার মাধ্যমে প্রযুক্তিবিষয়ক এসব প্রতিষ্ঠান এখন তাদের ব্যবহার-কারীদের আশ্বস্ত করার চেষ্টা করছে।
ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ওই প্রযুক্তিবিষয়ক সেমিনারে অংশ নিয়ে গতকাল বৃহস্পতিবার বলেন, ‘আমাদের সবাইকে রক্ষা করা সরকারের দায়িত্ব। আমাদের স্বাধীনতা, দেশের অর্থনীতি ও কোম্পানিগুলোকে রক্ষা করার দায়িত্বও সরকারের। সত্যি বলতে, আমি মনে করি, সরকার তা করছে না।’
মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বুধবার প্রকাশ করা কিছু গোপন নথিতে দেখা গেছে, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) তিন বছর ধরে ব্যক্তিগত গোপনীয়তা আইন লঙ্ঘন করেছে। এই সময়ে এনএসএর কর্মীরা সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহ নেই এমন মার্কিনদের ফোন রেকর্ডও ঘাঁটাঘাঁটি করেছেন বলে ওই নথিতে দেখা গেছে।
ইসরায়েলকে তথ্য দিয়েছে এনএসএ!: ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলেছে, মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ নিয়মিতভাবে ইসরায়েলকে গোয়েন্দা তথ্য-উপাত্ত দিয়েছে। এমনকি মার্কিন নাগরিক-সম্পর্কিত তথ্যগুলো না মুছে ফেলেই এসব তথ্য-উপাত্ত সরবরাহ করা হয়েছে। মার্কিন গোপন নজরদারির কার্যক্রম ফাঁস করে হইচই ফেলে দেওয়া এডওয়ার্ড স্নোডেনের দেওয়া নথির ভিত্তিতে এ কথা লিখেছে পত্রিকাটি।
এনএসএ এবং এর ইসরায়েলি সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত এক চুক্তির মাধ্যমে ওই গোয়েন্দা তথ্য আদান-প্রদানের সমঝোতা হয়। এতে দেখা গেছে, মার্কিন সরকার সে দেশের অনেক নাগরিকের ফোনকল ও ই-মেইল যোগাযোগের তথ্য-উপাত্তও ইসরায়েলকে দিয়েছে। এএফপি ও দ্য গার্ডিয়ান।