নাইজেরিয়ার গোলযোগপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলে গত সপ্তাহে জঙ্গি সংগঠন বোকো হারামের শিবিরে সেনা অভিযানে তাদের ১৫০ সদস্য নিহত হয়েছে। গতকাল বুধবার সেনাবাহিনীর একজন মুখপাত্র এ কথা বলেন। এতে ১৬ সেনাসদস্যও প্রাণ হারিয়েছে বলে জানান তিনি।
বিদ্রোহীদের ওপর ১২ সেপ্টেম্বর ওই বড় ধরনের অভিযানটি চালানো হয়। সম্প্রতি একই এলাকায় একদল সেনাসদস্যের ওপর সংগঠনটির অতর্কিত হামলায় ৪০ জন নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
সেনা কর্মকর্তারা বোকো হারামের ওই হামলার খবরের বিষয়ে মন্তব্য না করলেও তাঁরা ওই সেনা অভিযান নিয়ে কথা বলেছেন। সেনা মুখপাত্র ইব্রাহিম অত্তাহিরু বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে বিদ্রোহীদের অস্ত্রসজ্জিত খুবই শক্তিশালী একটি ঘাঁটিতে অভিযানটি চালানো হয়েছে।
মুখপাত্র ইব্রাহিম বলেন, ১২ সেপ্টেম্বর সেনাবাহিনী ওই অভিযান চালায়। এতে ১৫০ জনের মতো বোকো হারাম জঙ্গি ও ১৬ সেনাসদস্য নিহত হয়।
বোর্নোতে জরুরি অবস্থা ঘোষণার পর থেকে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নিরপেক্ষ সূত্র থেকে খবর পাওয়া দুরূহ হয়ে উঠেছে। এ কারণে সেনাবাহিনীর বিবৃতিই এখন তথ্যের প্রধান উৎস। এএফপি।