দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিপ্লব অব্যাহত থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি গতকাল শুক্রবার বলেছেন, সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিপ্লব অব্যাহত থাকবে। সম্প্রতি সামরিক পরিষদের জারি করা প্রজ্ঞাপন নাকচ করে তিনি কায়রোর তাহরির স্কয়ারে উপস্থিত হাজার হাজার উৎফুল্ল জনতার উদ্দেশ্যে বলেন ‘আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, সংবিধানে প্রেসিডেন্টকে দেওয়া কোন ক্ষমতা আমি ছাড়বো না।’মোহাম্মদ মুরসি বলেন, ‘ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমি দেশের সব মানুষের প্রেসিডেন্ট।’ আজ শনিবার সাংবিধানিক আদালতের সামনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিসরের প্রথম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রাক্কালে এই সমাবেশের আয়োজন করা হয়।গত বছর মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলনের কেন্দ্রস্থল ছিল তাহরির স্কয়ার। গতকাল সকাল থেকেই ঐতিহাসিক এ স্থানে মুরসির সমর্থকেরা জড়ো হতে শুরু করেন। এ সময় সমর্থকেরা তাঁর প্রতিকৃতি ও মিসরের পতাকা হাতে নিয়ে নানা স্লোগান দেন। মুরসির রাজনৈতিক দলের মুখপাত্র ইয়াসের আলীর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে, তাহরির স্কয়ারে লাখ লাখ মানুষের সঙ্গে বিজয় শোভাযাত্রায় অংশ নিয়েছেন মুরসি।সাংবিধানিক আদালতের সামনে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার পর পরই তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং সেখানে সাধারণ ছাত্রদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর জাতির উদ্দেশে অভিষেক ভাষণ দেবেন। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মন্ত্রিসভা গঠনের আগে সমাজের সব অংশের সঙ্গে পরামর্শ করেছেন মুরসি। ধারণা করা হচ্ছে, তাঁর মন্ত্রিসভার অধিকাংশ মন্ত্রিই হবেন টেকনোক্র্যাট।সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে মুরসি অঙ্গীকার করেছেন, তাঁর শাসনামলে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের ‘ইসলামিকীকরণ’ করা হবে না। প্রথা অনুযায়ী, মিসরের প্রেসিডেন্ট শপথ নেন পার্লামেন্টের সামনে। কিন্তু সম্প্রতি দেশটির সর্বোচ্চ আদালত এক রায়ে মিসরের পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করেন। এএফপি, রয়টার্স ও বিবিসি।