দামেস্ক ও আলেপ্পোয় তীব্র লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্ক ও বৃহত্তম শহর আলেপ্পোয় বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াইয়ের তীব্রতা বেড়েছে। বেশ কিছু এলাকায় দুই পক্ষের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে। গতকাল শনিবার লড়াইয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে।সিরিয়ায় রক্তপাত বন্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি নিন্দা জানিয়ে সাধারণ পরিষদে প্রস্তাব পাসের নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। গত শুক্রবার সাধারণ পরিষদে প্রস্তাবের পক্ষে ১৩৩টি ভোট পড়ে। বিপক্ষে পড়ে ১২ ভোট। ৩১টি দেশ ভোটদানে বিরত থাকে।এদিকে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ায় গত বছর মার্চে সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর সহিংসতায় গত মাসেই সর্বোচ্চসংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে। জাতিসংঘ ও আরব লিগের সিরিয়াবিষয়ক দূত কফি আনানের পদত্যাগ ও নিরাপত্তা পরিষদের প্রতি নিন্দা জানিয়ে প্রস্তাব পাস হওয়ার পর দেশটিতে দুই পক্ষের লড়াই আরও তীব্র হয়েছে। গতকালের লড়াইয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে। দামেস্কর দক্ষিণাঞ্চলে বিভিন্ন স্থানে গোলা নিক্ষেপ ও গুলিবিনিময়ের শব্দ শোনা গেছে। দামেস্কর কেন্দ্রস্থলেও কিছু গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।আলেপ্পোসহ এর আশপাশের জেলাগুলোতেও দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর সালাহ আল দিন এলাকার আকাশে জেটবিমান চক্কর দিতে দেখা গেছে। এই এলাকার বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। ব্রিটিশ পত্রিকা ইনডিপেনডেন্ট-এর সাংবাদিক কিম সেনগুপ্তা জানান, আলেপ্পোর মূল শহরে প্রবেশের দুটি পথ রয়েছে। একটি সালাহ আল দিন ও অপরটি আলেপ্পোর প্রাচীন লোহার ফটক এলাকা। বিদ্রোহীরা সালাহ আল দিনে উল্লেখ করার মতো প্রতিরোধ সামর্থ্য দেখিয়েছে। সরকারি বাহিনী ট্যাংক নিয়ে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। এ এলাকায় অনেক বেশি গলিপথ রয়েছে, যা গেরিলা যুদ্ধের জন্য আদর্শ। বিদ্রোহীরা মূলত এই সুবিধা খুব ভালোভাবে কাজে লাগাতে সক্ষম হচ্ছে।নিরাপত্তা পরিষদের প্রতি নিন্দা জানিয়ে সাধারণ পরিষদে প্রস্তাব পাস করার নিন্দা জানিয়ে রাশিয়া ও চীন বলেছে, এটা সিরিয়ার শান্তি প্রক্রিয়ার উদ্যোগ দুর্বল করে দিয়েছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভিতালি চুরকিন সাংবাদিকদের বলেন, সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাব পক্ষপাতমূলক। এতে সিরিয়ার অস্ত্রধারীদের প্রতি সমর্থন জানানো হয়েছে।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমান গতকাল জানান, গত মাসে সহিংসতায় অন্তত চার হাজার ২৩৯ জন প্রাণ হারিয়েছে। গত বছর মার্চ থেকে শুরু হওয়া সরকারবিরোধী সহিংসতায় এক মাসে এত বেশি প্রাণহানি আর কোনো মাসেই হয়নি। তিনি জানান, প্রাণহানির সংখ্যা দিন দিন বাড়ছে। গত জুনে প্রাণহানির সংখ্যা ছিল দুই হাজার ৯১৭।বিদ্রোহীদের অস্ত্র দিলে এই অঞ্চলে তার প্রভাব পড়বে: ইরানের প্রতিরক্ষামন্ত্রী আহমেদ ভাহিদি গতকাল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার বিদ্রোহীদের কাছে অস্ত্র সরবরাহ করা হলে এর নেতিবাচক প্রভাব পুরো অঞ্চলেই পড়বে।ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহযোগিতায় সৌদি আরব, কাতার ও তুরস্ক বিদ্রোহীদের দেদারছে অস্ত্র সরবরাহ করছে। এই অস্ত্র সরবরাহের ফল এই অঞ্চলের জন্য শুভ হবে না। এএফপি ও বিবিসি।