দামেস্ক থেকে সরে যাচ্ছে সেনারা
সম্ভাব্য পশ্চিমা আক্রমণের আশঙ্কায় সিরিয়ার রাজধানী দামেস্কের সামরিক স্থাপনাগুলো থেকে সেনাসদস্যদের সরিয়ে নিচ্ছে দেশটির সরকার। গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
দামেস্কের বাসিন্দা ও বিদ্রোহী যোদ্ধাদের বরাত দিয়ে খবরে বলা হয়, মধ্য দামেস্কের সামরিক স্থাপনা ও নিরাপত্তা কমান্ডের সদর দপ্তর থেকে সেনাসদস্যদের সরিয়ে নেওয়া হচ্ছে। গতকাল থেকে রাজধানীজুড়ে সামরিক তত্পরতা অনেকটাই কমে গেছে। দামেস্কের উমায়াদ স্কয়ারে অবস্থিত জেনারেল স্টাফ কমান্ড ভবন এবং দামেস্কের অদূরে কাফার সউসেহ জেলার বিমানবাহিনী কমান্ড ও নিরাপত্তা চৌহদ্দি খালি করার খবর পাওয়া গেছে।
দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে সাঁজোয়া যান ও ট্রাকে করে সেনাসদস্যদের শহর ছাড়তে দেখা গেছে। গাড়িগুলো নিকটবর্তী হারান-আল-আওয়ামিদের দিকে গেছে। আন্তর্জাতিক বিমানবন্দরের সব আলো নিভিয়ে ফেলা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষত্যাগ করা সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা আল-শেখ জানান, জেনারেল স্টাফ কমান্ড দামেস্ক থেকে সরিয়ে শহরের উত্তরের পাহাড়ি এলাকায় নিয়ে যাচ্ছে সরকার। বিভিন্ন বিদ্যালয় ও ভূগর্ভস্থ সংরক্ষণাগারে কয়েকটি সেনাঘাঁটি সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি হিসেবে ভূমধ্যসাগর তীরবর্তী লাটাকিয়া শহরের বন্দরে নৌবাহিনীর বেশ কিছু রণতরি ভেড়ানো হয়েছে বলে জানা গেছে।
তবে সেনাসদস্য ও ঘাঁটি সরিয়ে নেওয়ার বিষয়ে দেশটির সামরিক কর্তৃপক্ষ বা সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।