দামেস্কে গাড়িবোমায় নিহত ৫৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কে গাড়িবোমা হামলায় অন্তত ৫৩ জন নিহত ও ২০০ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার দামেস্কের কেন্দ্রস্থলে দেশটির ক্ষমতাসীন দল বাথ পার্টির প্রধান কার্যালয়ের সামনে এই হামলা চালানো হয়।রাশিয়া ও আরব লিগ সংকট নিরসনে সিরিয়ার সরকার ও বিরোধীদের মধ্যে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছে। এরই মধ্যে দামেস্কে ওই হামলার ঘটনা ঘটল। জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে সিরিয়ার সরকার। হামলার পর রাষ্ট্রীয় টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা গেছে, রাস্তার ওপর মানুষের মৃতদেহ, ভাঙাচোরা গাড়ি ও জানালার কাচ ছড়িয়ে-ছিটিয়ে আছে।সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, বিদেশের মদদে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীগুলোই এ হামলা চালিয়েছে। এর আগে জঙ্গি গোষ্ঠী আল-নুসরা ফ্রন্ট জানায়, ২০১১ সালের মার্চে সিরিয়ায় বিদ্রোহ শুরুর পর থেকে তারা এ ধরনের অনেক হামলা চালিয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজধানীর কেন্দ্রস্থলে মাজারা এলাকায় বাথ পার্টির কার্যালয় ও রাশিয়ার দূতাবাসের কাছে এই গাড়িবোমা হামলার ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, এই হামলার ঘটনায় কমপক্ষে ৫৩ জন নিহত ও ২০০ জন আহত হয়েছে।তবে সিরিয়ার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ওই হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগই সাধারণ মানুষ। বিবিসি।