সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল সোমবার গুলি করে একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। সে দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি হেলিকপ্টারটি ভূপাতিত করেছে বলে দাবি করেছে।এদিকে, যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, গত রোববার সারা দেশে সংঘর্ষে অন্তত ১৪৯ জন নিহত হয়েছে। এ ছাড়া দামেস্কের অদূরে দারায়া নগরে ‘গণহত্যার’ শিকার আরও অন্তত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।বিদ্রোহীদের দাবি, সামরিক হেলিকপ্টারটি থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় জোবার এলাকার বেসামরিক লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছিল। তা প্রতিহত করতে তারা গুলি চালায়। পরে এটি পাশের কাবুন এলাকায় বিধ্বস্ত হয়।সিরিয়ার সরকারি টেলিভিশনে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর সম্প্রচার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। এদিকে মানবাধিকার কর্মীদের দাবি, দায়ারা নগরে প্রায় পাঁচ দিন ধরে সরকারি বাহিনী ঘরে ঘরে তল্লাশি চালিয়ে কয়েক শ মানুষকে হত্যা করে। দেশটিতে বিদেশি গণমাধ্যম নিষিদ্ধ থাকায় এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বিদ্রোহীদের দাবির বিষয়ে কোনো মন্তব্য না করে বলেছে, দায়ারা নগর থেকে ‘অবশিষ্ট সন্ত্রাসীদের’ নির্মূল করা হচ্ছে।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গত রোববার জানায়, দায়ারা নগর থেকে অন্তত ৩২০টি লাশ উদ্ধার করা হয়েছে। নতুন করে পাওয়া গেছে ১৪টি লাশ। এ সময়ের মধ্যে ২২০টি লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় মানবাধিকার কর্মীরা দাবি করেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী বীভৎস এই ‘গণহত্যা’ চালিয়েছে।অবজারভেটরি বলেছে, রোববার সংঘর্ষে নিহত ব্যক্তিদের মধ্যে ১৮ সেনা, ২৬ জন বিদ্রোহী ও ১০৫ জন বেসামরিক নাগরিক। আসাদের বাহিনী গত রোববার দারা প্রদেশের বসরা আল-শাম এলাকা কামানের গোলা ছোড়ে। এতে অন্তত ১৭ জন নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গতকাল দামেস্কের কাফর বাতনা এলাকায় গোলায় তিনটি শিশু, দুজন নারী ও তিনজন পুরুষ নিহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরির তথ্য অনুযায়ী, গত বছর মার্চে শুরু হওয়া আসাদবিরোধী লড়াইয়ে এ পর্যন্ত অন্তত ২৫ হাজার মানুষ নিহত হয়েছে। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এএফপি ও বিবিসি।