সিরিয়ার রাজধানী দামেস্কে রোববার থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী ও সরকারবিরোধীদের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়েছে। এ লড়াই গতকাল ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন অংশে। মানবাধিকারকর্মী ও স্থানীয় বাসিন্দারা এ লড়াইকে এযাবৎকালের অন্যতম বড় সংঘর্ষের ঘটনা বলে উল্লেখ করেছেন।গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কের বিভিন্ন স্থানে মর্টার ও হালকা অস্ত্রশস্ত্রের সাহায্যে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনান দামেস্কের বিরুদ্ধে রাশিয়াকে চাপ প্রয়োগের আহ্বান জানানোর পর রাজধানীতে এ ভয়াবহ লড়াই শুরু হলো।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, রোববার দামেস্কসহ দেশজুড়ে চলা সহিংসতায় ১০৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৪৮ জন বেসামরিক লোক, ১৬ জন বিদ্রোহী ও ৪১ জন সেনাসদস্য। সংগঠনটির হিসাবে, গত বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান শুরুর পর এ পর্যন্ত দেশটিতে সহিংসতায় ১৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।মানবাধিকার সংগঠন লোকাল কো-অর্ডিনেশন কমিটি বলেছে, প্রেসিডেন্ট বাশারের সেনারা রোববারের পর গতকাল সোমবার সকালেও দামেস্কের তাদামন এলাকায় বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে প্রচণ্ড গোলাবর্ষণ করে। মিদান ও এর নিকটবর্তী ফিলিস্তিনি উদ্বাস্তু শিবির এবং কাফার সৌসা এলাকায়ও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। লড়াই থেকে বাঁচতে কোনো কোনো স্থান থেকে লোকজন অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কাফার সৌসার নিকটবর্তী জারামানা এলাকার এক বাসিন্দা বলেন, ‘গোলাগুলির শব্দে রোববার সারারাত আমি ঘুমাতে পারিনি। এ যেন সত্যিকারের এক যুদ্ধক্ষেত্র। গতকাল সকালেও রকেট ও বন্দুকের গোলাগুলি অব্যাহত ছিল।’ তাদামনের একজন বাসিন্দা বলেন, প্রচণ্ড লড়াইয়ের কারণে তিনি এলাকা ছেড়ে অন্যত্র সরে যাওয়ার সুযোগ পাননি। মানবাধিকারকর্মীরা জানান, সেনারা ট্যাঙ্ক নিয়ে তাদামনে প্রবেশ করেছে। রাজধানীর বাইরে কাতানা, দির আজর, হোমসের খালদিয়াহ, জৌরাত আল-শিয়াহ ও কারাবিস এবং মধ্যাঞ্চলীয় হামায় সেনারা অভিযান চালাচ্ছে। সিরিয়ার সংঘাতকে পুরোমাত্রায় গৃহযুদ্ধ বলে অভিহিত করেছে আন্তর্জাতিক রেডক্রস। সংস্থাটি বলছে, সংঘর্ষ এখন আর কিছু এলাকার মধ্যে সীমাবদ্ধ নেই। তা অন্যান্য এলাকায়ও ছড়িয়ে পড়ছে। এদিকে, সিরিয়ার হামা প্রদেশের ত্রেমসেহ গ্রাম পরিদর্শন করেছেন জাতিসংঘের পর্যবেক্ষকেরা। পরিদর্শনের পর পর্যবেক্ষকেরা নিশ্চিত করেন, গণহত্যার সময় ভারী অস্ত্রের ব্যবহার হয়েছে। বিদ্রোহীদের লক্ষ্য করেই সরকারি বাহিনী ভারী অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এএফপি ও বিবিসি।