দামেস্কে দুটি গাড়িবোমা বিস্ফোরণে ৩৮ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল বুধবার সকালে দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। এদিকে সরকারি বাহিনীর আরেকটি যুদ্ধবিমান উত্তর-পশ্চিম সীমান্ত এলাকায় গতকাল ভূপাতিত করা হয়েছে বলে বিদ্রোহীদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম খবর দিয়েছে। জারামানা এলাকায় বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করে। শহরটি দ্রুজ সম্প্রদায় ও খ্রিষ্টান ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকা বলে পরিচিত। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, আত্মঘাতী একজন হামলাকারীর গাড়ি বিস্ফোরণে বেশির ভাগ লোক নিহত হয়। কয়েক মুহূর্ত পরই আরেকটি গাড়ি বিস্ফোরিত হয়। এতে মোট ৩৮ জন নিহত হয়। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ পর্যন্ত ৩৪ জন নিহত ও ৮৩ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে ১০ জনের লাশ শনাক্ত করা যায়নি। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, ‘সন্ত্রাসীরা জারামানার কেন্দ্রস্থলে দুটি গাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক রেখেছিল। এর বিস্ফোরণে স্থানীয় লোকজন প্রাণ হারায় এবং আবাসিক ভবন ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়।’এর আগে জারামানায় গত ২৯ অক্টোবর গাড়িবোমা বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছিল। শহরটিতে গত ২৮ আগস্টের পর চারটি হামলা হয়েছে। তুর্কি সীমান্তের কাছাকাছি ইদলিব ও আলেপ্পো প্রদেশের মধ্যবর্তী দারেত এজা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। বিমানটিতে বিস্ফোরণের পর ধোঁয়া বহুদূর ছড়িয়ে পড়ে। বাশার আল আসাদ বাহিনী কয়েকটি যুদ্ধবিমান নিয়ে উত্তর-পশ্চিমাঞ্চলে মারেত আল-নুমান এলাকায় অভিযান চালায়। ওই এলাকায় বিদ্রোহীদের ঘাঁটি রয়েছে। এ ছাড়া, দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত দারায়া শহরেও বিমান হামলা চালানো হয়। সেখানে কয়েক দিন ধরে প্রচণ্ড লড়াই চলছে। এদিকে দামেস্কের পূর্বে বিদ্রোহী-নিয়ন্ত্রিত জাবাদানি শহরে সেনাবাহিনী গতকাল আধা ঘণ্টা ধরে অন্তত ৫০টি ট্যাংক থেকে গোলাবর্ষণ করে। বিদ্রোহীরা জানায়, বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আসার পর থেকে চার মাস ধরে শহরটিতে টানা গোলাবর্ষণ করে চলেছে সরকারি বাহিনী। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গত বছরের মার্চে গণবিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দেশটিতে অব্যাহত সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৪০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এএফপি ও বিবিসি।