দামেস্কে পিছু হটছে বিদ্রোহীরা, আলেপ্পোতে প্রচণ্ড লড়াই
সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদের অনুগত নিরাপত্তা বাহিনী রাজধানী দামেস্কে হেলিকপ্টার ও ট্যাংক নিয়ে বিদ্রোহীদের ওপর হামলা অব্যাহত রেখেছে। বিদ্রোহীদের দখলে থাকা বেশ কিছু এলাকা গত শনিবার সরকারি বাহিনী পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে বলে খবর পাওয়া গেছে।দামেস্কের বাসিন্দারা বলছেন, অন্য দিনের তুলনায় শনিবার সহিংসতার মাত্রা কিছুটা কম ছিল। যদিও দামেস্কের আল-হাজার আল-আসওয়াদ এবং টাডামন এলাকায় তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে।আন্তর্জাতিক রেডক্রস এক বিবৃতিতে জানিয়েছে, দুই পক্ষের প্রচণ্ড লড়াইয়ের কারণে রাজধানী ছেড়ে মানুষ মরিয়া হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান খুঁজছে। সংস্থাটি বলছে, শহরটিতে সহিংসতা বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক সহায়তা প্রদানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।প্রতিদিনই সিরিয়ায় প্রাণহানির শিকার মানুষের সংখ্যা বাড়তে থাকায় নিজের গভীর উদ্বেগ ও মর্মপীড়ার কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি হত্যা ও সহিংসতা বন্ধ করার জন্য সিরিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সিরিয়াজুড়ে সহিংসতায় গত শনিবার কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক একটি মানবাধিকার সংগঠন।এদিকে গতকাল রোববার টানা তৃতীয় দিনের মতো প্রচণ্ড লড়াই হয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের প্রচণ্ড লড়াইয়ের মুখে প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ শহরটি ছেড়ে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।সরকারবিরোধীরা দাবি করছেন, দামেস্কে তীব্র প্রতিরোধের মুখে বিদ্রোহীরা কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও আলেপ্পোতে বেশ শক্ত অবস্থায় রয়েছে তারা। গত শনিবার রাতভর এবং গতকাল সকালেও ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) সঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রচণ্ড লড়াইয়ের খবর দিয়েছেন তাঁরা।সরকারবিরোধী সূত্র বলছে, আলেপ্পোর সাইফ আল-দাওলা এলাকায় ট্যাংকের গোলায় একটি ভবন ধ্বংস হয়ে গেছে। আলেপ্পো থেকে পশ্চিমের তুরস্ক সীমান্ত পর্যন্ত আতারেব, কফর কারমিন এবং আবাজমো শহরে বোমা হামলা চালিয়েছে সরকারি বাহিনী। এ ছাড়া গতকাল সকালে সালাহ আল-দিন এলাকার বিভিন্ন সরকারি ভবনে প্রচণ্ড হামলা চালিয়েছে এফএসএ। হামলার পর এসব ভবনের ওপরে বিদ্রোহীরা নিজেদের পতাকা উড়িয়েছেন।এদিকে বিদ্রোহীদের হটিয়ে ইরাক সীমান্তসংলগ্ন দেশটির উত্তরাঞ্চলীয় ক্রসিংটি (সীমান্ত পারাপারের পথ) সরকারি বাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে ইরাকের নিনেভে প্রদেশের গভর্নর আতহিল আল-নুজাইফি দাবি করেছেন। তবে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ পাঁচটি ক্রসিংয়ের মধ্যে এখনো তিনটি ক্রসিং বিদ্রোহীদের দখলে রয়ে গেছে। বাকি দুটি ক্রসিংয়ের নিয়ন্ত্রণ সরকারি সেনাদের হাতে। অন্যদিকে তুরস্কের একজন কূটনীতিক বলেছেন, গতকাল দ্বিতীয় আরেকটি সীমান্ত পোস্ট দখল করেছে বিদ্রোহীরা।লন্ডনভিত্তিক সিরিয়াবিষয়ক মানবাধিকার পর্যবেক্ষক সংগঠনের পরিচালক রামি আবদেল রাহমান বলেন, ‘প্রকৃত অর্থে সিরিয়ার ৫০ থেকে ৬০ শতাংশ অংশের নিয়ন্ত্রণ দেশটির সরকারের হাতে রয়েছে।’ বিবিসি, এএফপি, রয়টার্স।