দামেস্কে বিপুল জনতার সামনে এসে শুভেচ্ছা জানালেন বাশার
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গতকাল বুধবার রাজধানী দামেস্কের উমাইয়াদ স্কয়ারে হাজার হাজার লোকের সামনে গিয়ে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। গত মঙ্গলবার তাঁর দেওয়া ভাষণের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী কয়েকটি দেশ।সিরিয়ার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করে প্রেসিডেন্ট আসাদ গতকাল বলেন, ‘আমি এই রাস্তারই মানুষ। আমরা বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে দেব। নিঃসন্দেহে আমরা জয়ী হতে যাচ্ছি।’ এ সময় দুই শিশুসন্তানকে নিয়ে প্রেসিডেন্টের সঙ্গী হন স্ত্রী আসমা। বাশারের অনুগত সেনাদের প্রতি এ সময় প্রশংসাসূচক স্লোগান দেওয়া হয়। বাশারবিরোধী আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করায় ওই সেনারা বর্তমানে বিশেষ মর্যাদা পাচ্ছেন।টানা ছয় মাস নীরবতার পর প্রেসিডেন্ট আসাদ গত মঙ্গলবার দামেস্ক বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন। ওই ভাষণের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলো অভিযোগ করেছে, রক্তপাত ঘটানোর অভিযোগ থেকে কৌশলে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন বাশার আল-আসাদ। মঙ্গলবারের ভাষণে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অভিযোগ করেন, সিরিয়ায় সহিংসতা জিইয়ে রাখার ব্যাপারে বিভিন্ন দেশের উৎসাহ রয়েছে। এদিকে পাল্টাপাল্টি এ রকম অভিযোগের মধ্যে সিরিয়ার হামা শহরে গতকাল বুধবার চার বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। বিক্ষোভকারীরা বলেন, দল ছেড়ে যাওয়া সেনাদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে ওই চারজন নিহত হন।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, বাশার আল-আসাদের বক্তৃতার উদ্দেশ্য ছিল প্রকৃত ঘটনা থেকে দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়া। যেকোনো মূল্যে সহিংসতা দমনের জন্য তিনি দৃঢ়প্রতিজ্ঞ। এদিকে সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালেন জুপ্পে। তিনি বলেন, বাস্তব থেকে দূরে অবস্থান করছেন বাশার। তিনি সহিংসতায় উসকানি দিচ্ছেন। রয়টার্স ও এএফপি।