দামেস্কে শক্তিশালী দুই বোমার বিস্ফোরণ, ৫৫ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত ও ১৭০ জন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানী দামেস্কে অবস্থিত নয়তলা একটি ভবনে গতকাল বৃহস্পতিবার সকালে এ বোমা হামলা হয়। এ ছাড়া সিখুন, দারা ও হোমস শহরে তিনজনকে গুলি করে হত্যা করে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী।বিস্ফোরণে সামরিক নিরাপত্তা বিভাগের ওই ভবনটির সামনের অংশসহ আশপাশের কয়েকটি ভবন বিধ্বস্ত হয়। সামান্য ব্যবধানে প্রথম ও দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। স্থানীয় একজন সাংবাদিক বলেন, দ্বিতীয় বিস্ফোরণটি ছিল বেশি বিধ্বংসী। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির নিরাপত্তা বাহিনীর সামরিক ও বেসামরিক সদস্যদের লক্ষ্য করে ওই হামলা হয়েছে।সিরিয়ার প্রধান বিরোধী দলের দাবি, ভয়াবহ ওই দুটি বিস্ফোরণের পেছনে সরকারের হাত রয়েছে। সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের নির্বাহী শাখার নেতা সামির নাশার বলেন, এই হামলার মধ্য দিয়ে জাতিসংঘের পর্যবেক্ষক দলকে সতর্ক করে দেওয়া হয়েছে। এ ছাড়া এই ঘটনার মধ্য দিয়ে সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাতে চায় যে, ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে তাদের লড়াই চলছে। এদিকে সিরিয়ার হোমস শহরে সেনাবাহিনী ভারী কামান থেকে রাতভর গোলাবর্ষণ করা হয়েছে। সরকারবিরোধী বিক্ষোভকারীরা জানান, কয়েক সপ্তাহের মধ্যে গত বুধবার রাতে সবচেয়ে ভারী গোলা বর্ষণ করা হয়। জাতিসংঘ ও আরব লিগের উদ্যোগে শান্তিপ্রক্রিয়া বাস্তবায়নের অংশ হিসেবে ওই শহরে অস্ত্রবিরতি চালুর চেষ্টা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা। সিরিয়ায় বর্তমানে প্রায় ৭০ জন পর্যবেক্ষক অবস্থান করছেন। কিন্তু দেশটিতে সহিংসতা মোটেও কমেনি।দামেস্ক শহরে সরকারবিরোধী আন্দোলন চলাকালে গত কয়েক মাসে বেশ কয়েকটি বোমা হামলা হয়েছে। গত মাসে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত হয়। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, সিরিয়ায় গণতন্ত্রপন্থী আন্দোলন শুরুর পর গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত অন্তত ১২ হাজার মানুষ নিহত হয়েছে। এএফপি ও বিবিসি।