দামেস্কে ৪ জেনারেলসহ ৩১ সেনাসদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকারি বাহিনীর জঙ্গি বিমান হামলায় আহত বিদ্রোহী গ্রুপ লিবা আল-তাওহিদ ব্রিগেডের প্রধান আবদুল কাদের সালেহ মারা গেছেন। এদিকে রাজধানী দামেস্কে রোববার রাতে এক ভয়াবহ বোমা হামলায় চার জেনারেলসহ ৩১ জন সেনাসদস্য নিহত হয়েছেন।
তাওহিদ ব্রিগেড তাদের ফেসবুক পাতায় সালেহের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সেখানে বলা হয়, ‘সালেহ শহীদ হয়েছেন।’
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে জানিয়েছে, তাওহিদ ব্রিগেডের নেতৃত্বকে লক্ষ্য করে গত বৃহস্পতিবার বাশার আল-আসাদ বাহিনী বিমান হামলা চালায়। এ সময় গুরুতর আহত সালেহকে চিকিৎসার জন্য তুরস্কে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ সিরিয়ায় ফেরত আনা হয়।
বৃহস্পতিবারের ওই হামলায় তাওহিদ ব্রিগেডের গোয়েন্দা প্রধান ইউসেফ আল-আব্বাস ওরফে আবু আল-তাইয়েবও নিহত হন। এ ছাড়া আহত হন সংগঠনটির আরেক জ্যেষ্ঠ নেতা আবদেল আজিজ সালামেহ।
সিরিয়ার আলেপ্পো এলাকায় সর্বাধিক পরিচিত বিদ্রোহী গ্রুপগুলোর একটি তাওহিদ ব্রিগেডর। এমন একসময়ে গ্রপটির প্রধানের মৃত্যুর খবর এল, যখন আলেপ্পো এলাকায় লড়াইয়ে সিরিয়ার সরকার সফলতা পেয়েছে। সরকারি বাহিনী সেখানকার কয়েকটি শহর থেকে বিদ্রোহীদের হটিয়ে দিয়েছে।
এদিকে রোববার রাতে রাজধানী দামেস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় হারাসতা এলাকায় একটি সরকারি ভবন লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে অন্তত ৩১ জন সেনাসদস্য নিহত হন। অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলেন, ভয়াবহ ওই হামলায় সামরিক বাহিনীর একটি পরিবহন ঘাঁটি ধসে পড়ে। নিহত ৩১ জনের মধ্যে রয়েছেন তিনজন জেনারেল এবং একজন ব্রিগেডিয়ার জেনারেল। তিনি জানান, শক্তিশালী বোমাটি ওই ভবনের ভেতরে অথবা ভবনের নিচে সুড়ঙ্গে পেতে রাখা হয়। দিরেহ আল আসমাহ নামের একটি বিদ্রোহী গ্রুপ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
মস্কোয় সিরিয়ার প্রতিনিধিদল: জেনেভায় সম্ভাব্য শান্তি সম্মেলন নিয়ে আলোচনা করতে রাশিয়ার মস্কোতে গেছে বাশার সরকারের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সদস্যরা গতকাল রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও শিগগিরই মস্কো পৌঁছাবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরীয় প্রেসিডেন্ট বাশারের মধ্যে গত বৃহস্পতিবার ফোনালাপের পর এসব বৈঠক হচ্ছে। এএফপি ও আল-জাজিরা।