দামেস্কের কাছে অস্ত্রগুদামের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীরা একটি অস্ত্রগুদামের নিয়ন্ত্রণ নিয়েছে। গতকাল শনিবার সকালে তারা রাজধানী দামেস্কের কাছে অবস্থিত ওই অস্ত্রভান্ডারের দখল নেয় বলে জানিয়েছে একটি মানবাধিকার গোষ্ঠী।লন্ডনভিত্তিক মানবাধিকার গ্রুপ দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দামেস্কের কাছের কালামুন এলাকার ওই অস্ত্রভান্ডারের দখল নিতে ভূমিকা রাখা গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে জিহাদি গোষ্ঠী আল-নুসরা ফ্রন্টও। দখল নেওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে ট্যাংকবিধ্বংসী কামান ও রকেট।দামেস্কের দক্ষিণাঞ্চলেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। সেখানে শহরের প্রান্তভাগে মাস খানেক ধরে শক্ত অবস্থান নিয়েছে বিদ্রোহী যোদ্ধারা। সরকারের অনুগত সেনারা তাদের সেখান থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে।এর বাইরে সিরিয়ার মধ্যাঞ্চলের হোমস শহরের জুরেত আল-শিয়াহ ও কুসুর এলাকায় বিদ্রোহীদের অবস্থানে কামানের গোলা নিক্ষেপ করেছে সেনাবাহিনী। কয়েক দিন আগে হোমসের খালদিয়াহ এলাকা থেকে বিদ্রোহীদের হটাতে সক্ষম হয় তারা। এএফপি।