দামেস্কের কাছে বিদ্রোহীদের অবস্থানে গোলা নিক্ষেপ
সিরিয়ার এলিট বাহিনী গতকাল রোববার রাজধানী দামেস্কের উপকণ্ঠে দারা শহরে বিদ্রোহীদের লক্ষ্য করে গোলা নিক্ষেপ করেছে।সিরিয়ান রেভল্যুশন জেনারেল কাউন্সিল বলেছে, সরকারের অনুগত এলিট বাহিনী গতকাল মাজেহ সেনা বিমানঘাঁটি থেকে কামান ও ট্যাংকের গোলা ছোড়ে।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও গোলা নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে।বিদ্রোহীদের কাছ থেকে দারা শহরের পুরো নিয়ন্ত্রণ নিতে প্রায় দুই মাস ধরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী বিমান ও ট্যাংক থেকে হামলা চালিয়ে আসছে।দারা শহরের এক বাসিন্দা জানান, সরকারের অনুগত বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াইয়ের মুখে নভেম্বরের শেষ দিকে শহরের প্রায় ৯০ শতাংশ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়।দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গতকাল মালিহা শহরে বিমানবাহিনীর প্রশাসনিক ভবনের কাছে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ লড়াই হয়েছে। এএফপি।