দামেস্কের কাছে ৪৫ লাশ উদ্ধার
সিরিয়ার তাল শেবাব শহরে সে দেশের সেনাবাহিনী বিদ্রোহীদের হটাতে অন্তত ২০টি ট্যাংক নিয়ে ব্যাপক অভিযান চালিয়েছে। অন্যদিকে রাজধানী দামেস্কের উপকণ্ঠে অজ্ঞাতপরিচয় ৪৫টি লাশ পাওয়া গেছে বলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) দাবি করেছে। কর্মকর্তারা বলেছেন, জর্ডান সীমান্তের কাছে অবস্থিত তাল শেবাব শহরে ট্যাংক অভিযানের পাশাপাশি সিরীয় বিদ্রোহীদের নিয়ন্ত্রণমুক্ত করতে সেনাবাহিনী বাড়ি বাড়ি অভিযান চালিয়ে লোকজনকে ধরে নিয়ে যায়। শরণার্থীরা দেশ ছেড়ে পালানোর জন্য শহরটিকে ব্যবহার করে থাকে। বিদ্রোহীদের সংগঠন লোকাল কো-অর্ডিনেশন কমিটিস (এলসিসি) জানায়, দামেস্ক ও আশপাশের কয়েকটি স্থানে গত বৃহস্পতিবার অন্তত ৬৭ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলীয় দেইর এজ-জোর শহরে ১০ জনকে হত্যা করা হয়।এসওএইচআর গতকাল শুক্রবার জানায়, দামেস্কের জামালকা শহরতলি থেকে নারী-শিশুসহ অন্তত ২৩টি লাশ বৃহস্পতিবার উদ্ধার করা হয়। এ ছাড়া, দামেস্কের দক্ষিণ-পূর্ব এলাকার কাতানা নামক স্থান থেকে আরও ২২টি লাশ উদ্ধার করা হয়। এএফপি ও বিবিসি।