সহিংসতা-জর্জরিত সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দারায়া নগরে গত শনিবার বহু মানুষের লাশের সন্ধান মিলেছে বলে মানবাধিকারকর্মীরা দাবি করেছেন। মানবাধিকারকর্মীরা এ তথ্য জানিয়ে এই ঘটনাকে সরকারি বাহিনীর নৃশংস ‘গণহত্যা’ বলে অভিযোগ করেছেন।মানবাধিকারকর্মীরা বলেন, মৃত অবস্থায় পাওয়া এসব মানুষকে ‘বিচারবহির্ভূতভাবে’ হত্যা করা হয়েছে। অসমর্থিত সূত্রে পাওয়া খবরে দারায়া নগরের বিভিন্ন বাড়িঘর ও ভূগর্ভস্থ আশ্রয়স্থল থেকে ২০০ লাশ খুঁজে পাওয়ার কথা উল্লেখ করা হয়। মানবাধিকারকর্মীদের ওই দাবির ব্যাপারে কোনো মন্তব্য না করে সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল বলেছে, দারায়া থেকে ‘অবশিষ্ট সন্ত্রাসীরা উৎখাত’ হয়েছে।সংবাদমাধ্যমগুলো জানায়, কয়েক দিন ধরে ওই নগরে ভারী গোলাবর্ষণের পর শনিবার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী সেখানে বড় ধরনের অভিযান পরিচালনা করে। বিবিসির সংবাদদাতা বারবারা প্লেট জানান, দামেস্কের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে অবস্থিত ওই এলাকা পুনর্দখলে নেওয়ার প্রচারণার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। মাস খানেক আগে এলাকাটি ছেড়ে বিদ্রোহীরা চলে যাওয়ার পর তারা সেখানে নতুন করে সংগঠিত হচ্ছিল।মানবাধিকারকর্মীরা নগরের আবু উলেইমান আল-দারানি মসজিদের মেঝেতে সারিবদ্ধভাবে রাখা বহু লাশের একটি ভিডিওচিত্র ইন্টারনেটে প্রকাশ করেছেন। কর্মীরা বলছেন, সেনারা বাড়ি বাড়ি তল্লাশিকালে ওই সব লোকের অনেককে মাথা ও বুকে গুলি করে হত্যা করেছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরীয় সেনাদের পাঁচ দিনের রোমহর্ষক অভিযানে দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওই নগরে কমপক্ষে ৩২০ জন নিহত হয়েছে। সংস্থাটি আরও বলেছে, শনিবার দেশব্যাপী এই বাহিনীর অভিযানে নিহত হয়েছে অন্তত ১৮৩ জন।সিরীয় মানবাধিকারকর্মীদের সংগঠন দ্য লোকাল কো-অর্ডিনেশন কমিটি দারায়ার ঘটনাকে ‘শান্ত নগরে’ ‘সরকারের গণহত্যা’ বলে আখ্যায়িত করেছে। বিবিসি ও এএফপি।