দাম্পত্য জীবনে নারীই বেশি রোমান্টিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে বেশি রোমান্টিক—স্বামী না স্ত্রী? এ তর্কের সুরাহার দাবি করে গবেষকেরা বলছেন, দাম্পত্য জীবনে নারীই বেশি রোমান্টিক।সম্প্রতি লন্ডনভিত্তিক সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টস-এ প্রকাশিত একটি গবেষণার ফলাফলে এ তথ্য জানানো হয়। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এ গবেষণা পরিচালনা করে। বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মুঠোফোনে কথা বলা ও খুদে বার্তা পাঠানোর ওপর ভিত্তি করে প্রায় ৩০ লাখ বিভিন্ন বয়সী নারী-পুরুষের ওপর গবেষণাটি চালানো হয়। গবেষণার মূল লক্ষ্য ছিল স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ সম্পর্ক আসলে কত দিন একই রকম থাকে বা তাঁরা আসলে কতটা কাছাকাছি থাকেন, এসব প্রশ্নের উত্তর খোঁজা। আর এ গবেষণার চূড়ান্ত ফলাফলে যা পাওয়া গেছে, তা হলো অন্য কাউকে নয়, স্বামীকেই সবচেয়ে বেশি ফোন করেন বিবাহিত নারীরা।গবেষণায় দেখা গেছে, পুরুষের চেয়ে নারীর কাছে যুগলবন্দি জীবন বেশি গুরুত্বপূর্ণ। তাই এ জীবন রোমান্টিক করতে নারীরাই বেশি উদ্যোগী। তবে মজার বিষয় হলো, নারীরা যখন দাদি-নানি হন, তখন স্বামীর প্রতি তাঁদের আগ্রহ কমতে থাকে। এ সময় নাতি-নাতনিই তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।স্বামী-স্ত্রীর পরস্পরকে ফোন করার মাত্রা থেকে গবেষকেরা প্রমাণ করেন, পুরুষেরা তাঁদের বিবাহিত জীবনের প্রথম সাত বছর স্ত্রীদের বেশি ফোন করেন। এরপর তাঁদের মনোযোগ অন্য বন্ধু-বান্ধবের দিকে যেতে শুরু করে। অন্যদিকে, তিরিশের ঘরে পা দেওয়ার পর থেকে নারীরা স্বামীর চেয়ে কাছের বন্ধুর প্রতি বেশি মনোযোগী হয়ে ওঠে। আর ৪৫ বছর পার হলে নাতি-নাতনি তাঁদের নতুন বন্ধু হয়ে ওঠে। তাই এ সময় স্বামীরা তাঁদের স্ত্রীর কাছ থেকে কম ফোন পেয়ে থাকেন।গবেষণায় বলা হয়, ৩০ বছরের পুরুষেরা একই বয়সী নারী সঙ্গীর সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করেন। তবে সাত বছর যেতে না যেতে তাঁদের আচরণে পরিবর্তন আসে। বিবিসি অনলাইন।