দারফুরের শীর্ষস্থানীয় বিদ্রোহী নেতা নিহত
সুদানের সেনাবাহিনী গতকাল রোববার দারফুর অঞ্চলের প্রধান বিদ্রোহী গোষ্ঠীর একজন শীর্ষস্থানীয় নেতাকে হত্যা করার দাবি করেছে। সরকারবিরোধীরা রাজধানী খার্তুমের দিকে অগ্রসর হচ্ছে বলে দাবি করার তিন দিন পর গুরুত্বপূর্ণ এ বিদ্রোহী নেতাকে হত্যার ঘটনা ঘটল। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। সুদান নিউজ এজেন্সি (এসইউএনএ) বলেছে, ‘সুদানি সেনাবাহিনী ঘোষণা করেছে, তারা আজ (রোববার) উত্তর করদোফানের ওয়াদবান্দা এলাকায় এক লড়াইয়ে খলিল ইব্রাহিমকে হত্যা করেছে।’ ইব্রাহিম সুদানের বিক্ষুব্ধ দারফুর অঞ্চলের সর্বাপেক্ষা অস্ত্রে সুসজ্জিত বিদ্রোহী গ্রুপ ‘জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্ট (জেইএম)’-এর নেতা ছিলেন। চলতি বছর লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির শাসনের পতনের পর তিনি সে দেশ থেকে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন। তাঁর নিহত হওয়ার খবর নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করা যায়নি।বার্তা সংস্থা এসইউএনএ গতকাল সেনা মুখপাত্র সওয়ারমি খালেদ সাদের উদ্ধৃতি দিয়ে জানায়, সেনাবাহিনী উত্তর করদোফান-উত্তর দারফুর সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। বিদ্রোহী গ্রুপ জেইএম ওই এলাকায় বেসামরিক মানুষজনের ওপর হামলা ও স্থানীয় নেতাদের টার্গেট করার পাশাপাশি উম্ম-গোজাইন, গোজ আবেয়াধ ও আরামাল এলাকায় তাদের সম্পদ লুটপাট করার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এ অভিযান শুরু করে। মুখপাত্র সাদ অবশ্য হতাহতের কোনো তথ্য দেননি। বিবিসি ও পিটিআই।