দারিদ্র্য থেকে চিরমুক্তি পেতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবারের ঘটনা। এথেন্সে ৩৮ বছরের প্রভাষক নিকোস পলিভস ল্যাম্পপোস্টে ঝুলে আত্মহত্যা করেছেন। একই দিন গ্রিসের উত্তরাঞ্চলে বাড়ির বারান্দা থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহনন করেন ৩৫ বছরের একজন পুরোহিত। মাথায় গুলি করে মৃত্যুকে বরণ করেছেন ২৩ বছরের এক ছাত্র; এ ঘটনা গত বুধবারের।বিশ্বের যেসব দেশে আত্মহত্যার প্রবণতা কম, সেসব দেশের তালিকার ওপর দিকে ছিল গ্রিস। কিন্তু সেই দেশেই এখন একের পর এক আত্মহননের ঘটনা ঘটছে। কারণ আর কিছুই নয়, অর্থনৈতিক মহামন্দা, যা দেশটির সরকার ও গণমাধ্যমকে ভাবিয়ে তুলেছে। আগামী ৬ মে দেশটির সাধারণ নির্বাচন।পুলিশ বলেছে, নিকোস পলিভস বিষণ্নতায় ভুগছিলেন। কেননা, তিনি যে একটি চাকরির প্রস্তাব পেয়েছিলেন, সরকারি খাতে নিয়োগ বন্ধ করে দেওয়ায় সেটি শেষ পর্যন্ত পাননি। দারিদ্র্যের কারণে এথেন্সের কেন্দ্রস্থলের একটি রাস্তার মোড়ে ৪ এপ্রিল মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন ফার্মাসিস্ট দিমিত্রিস ক্রিস্টুলাস। শুধু ক্রিস্টুলাসই নন, অর্থনৈতিক মন্দার কারণে দেশটির লাখ লাখ মানুষ দরিদ্র হয়ে পড়েছে। গুলি করে নিজেকে শেষ করে দেওয়ার ঠিক আগমুহূর্তে ৭৭ বছরের ওই ফার্মাসিস্ট একটি নোট লিখে যান। তাতে লেখা, ‘আবর্জনার মধ্যে খাদ্য খোঁজার চেয়ে এই সম্মানজনক মৃত্যুর বিকল্প অন্য কোনো সমাধান আমি দেখছি না।’ সেই দিন থেকে ক্রিস্টুলাস গ্রিসের চরম দুর্দশার জাতীয় প্রতীক হয়ে আছেন, যে দুর্দশা কুরে কুরে খাচ্ছে সে দেশের লাখো মানুষকে।গ্রিসের গণমাধ্যমে প্রায় প্রতিদিনই কোনো না কোনো আত্মহত্যার খবর আসছে। আগামী সপ্তাহের নির্বাচন সামনে রেখে, বিশেষ করে প্রধানমন্ত্রী লুকাস পাপাদেমোসের অন্তর্বর্তী সরকার ফের ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে বিদেশি ঋণদাতাদের সঙ্গে আরও একটি চুক্তি সইয়ের অনুমতি লাভের পর আত্মহত্যার প্রবণতা যেন আরও বেড়ে গেছে। চিকিৎসা বিশেষজ্ঞরা বলেছেন, অনেকের মধ্যে যে নৈরাশ্য ও অসহায়ত্ব কাজ করছে, এ ধরনের আত্মহত্যা তারই প্রতিফলন। এথেন্সের খ্যাতনামা মনোবিদ ও লেখক নিকোস সিডারিস বলেন, ‘অর্থনৈতিক সংকট গ্রিসের অনেকের মধ্যে অপরাধ বোধ তৈরি করেছে। গ্রিসের লোকজন অন্যের বোঝা হতে চায় না এবং এ কারণে তাদের মধ্যে অসহায়ত্ব বোধ প্রবল হয়ে উঠছে। কারও কারও মধ্যে নিজেকে নিয়ে ঘৃণার সৃষ্টি হয়েছে, যা নিজেকে শেষ করে দিতে উদ্বুদ্ধ করছে। আত্মহত্যা এবং আত্মহত্যার চেষ্টার ঘটনা বাড়ার পেছনে এটাই হলো কারণ।’ তিনি বলেন, ‘আমরা একটি সম্পূর্ণ নতুন ধারা দেখতে পাচ্ছি এবং তা হলো রাজনৈতিক আত্মহত্যা।’ গ্রিসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০০৯ সালে অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার আগে দেশটিতে আত্মহত্যার সর্বনিম্ন হার ছিল; প্রতি এক লাখ গ্রিকের মধ্যে মাত্র ২ দশমিক ৮ শতাংশ আত্মহত্যা করত। অথচ ২০১০ সালের প্রথম ভাগে সেই হার ৪০ শতাংশ বেড়েছে। রয়টার্স।