দারিদ্র্যমুক্ত বিশ্বের লক্ষ্যে জাতিসংঘের রোডম্যাপ
সারা বিশ্ব ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে একটি খসড়া রোডম্যাপ তৈরি করেছে জাতিসংঘ। গত রোববার জাতিসংঘের সদস্যদেশগুলো এ বিষয়ে সমঝোতায় পৌঁছায়। খবর এএফপির।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই সমঝোতার ভূয়সী প্রশংসা করে বলেন, এটি জনগণের কার্যক্রম, দারিদ্র্য বিমোচনের কর্মপরিকল্পনা। এটি বাস্তবায়িত হলে কেউই আর পেছনে পড়ে থাকবে না। কোনো মানুষ কর্মহীন থাকবে না।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্রায় এক সপ্তাহ ধরে তুমুল বিতর্কের পর ১৯৩টি সদস্য দেশের বিশেষজ্ঞ ও কূটনীতিবিদেরা ৩০ পৃষ্ঠার খসড়াটি গ্রহণ করেন। এর নামকরণ করা হয়েছে ‘ট্রান্সফরমিং আওয়ার ওয়ার্ল্ড: দ্য ২০৩০ অ্যাজেন্ডা ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’।
আয়ারল্যান্ড ও কেনিয়ার সভাপতিত্বে এই সমঝোতা বৈঠক হয়। শেষমেশ সমঝোতা হওয়ায় একে ‘সত্যিকারে ঐতিহাসিক মুহূর্ত’ বলে আখ্যা দেন কেনিয়ার রাষ্ট্রদূত ম্যাকারিয়া কামাউ।
বিশ্বনেতারা জাতিসংঘে আগামী ২৫-২৭ সেপ্টেম্বর টেকসই উন্নয়ন সম্মেলনে যোগ দেবেন। সেখানে প্রধানত এশিয়া ও আফ্রিকার সাব-সাহারা অঞ্চলসহ সারা বিশ্বের ১০০ কোটি দরিদ্র মানুষের জীবনের মানোন্নয়নের লক্ষ্যে টেকসই কর্মসূচি গ্রহণ করা হবে।
২০৩০ সালের মধ্যে দারিদ্র্য বিমোচনে ১৭টি নতুন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব বলেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের পাশাপাশি বসবে ওই টেকসই উন্নয়ন সম্মেলন। দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে এই সম্মেলন নতুন যুগের সূচনা করবে।