দার্জিলিংয়ে অনির্দিষ্টকালের বনধ চলছে
ভারতে তেলেঙ্গানা রাজ্য গড়ার জেরে অশান্ত হয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পাহাড়ি জেলা দার্জিলিং। ওই এলাকাকে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য ঘোষণার দাবিতে গত শনিবার থেকে চলছে অনির্দিষ্টকালের বনধ।
বনধের তৃতীয় দিনে আজ সোমবার অচল হয়ে পড়ে দার্জিলিং জেলার তিন মহকুমা শহর কার্শিয়াং, কালিম্পং ও দার্জিলিং। অধিকাংশ সরকারি অফিসে খুব কমসংখ্যক কর্মচারী উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দার্জিলিংজুড়ে চলছে আধাসামরিক বাহিনীর টহল।
আন্দোলন প্রসঙ্গে জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং বলেছেন, তাঁরা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবেন না। তাঁরা কথা বলবেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে। তিনি আরও বলেন, তাঁরা তাদের দাবি থেকে সরবেন না। প্রয়োজনে তাঁরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবেন। বুক পেতে দেবেন গুলির সামনে। এ জন্য যেকোনো পরিণতির জন্য দায় রাজ্য সরকারকে নিতে হবে বলেও হুমকি দেন তিনি।
এদিকে গতকাল রাত ও আজ বনধের সমর্থনে পিকেটিং করা ও বন বাংলো পুড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ আরও ২০ জন বনধ-সমর্থনকারীকে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে দার্জিলিংয়ের বনধ বেআইনি ও অসাংবিধানিক দাবি করে আজ সোমবার জনস্বার্থে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে। মামলাটি করেন আইনজীবী রমা প্রসাদ সরকার। আগামী বুধবার এই মামলার শুনানি হবে।