দার্জিলিংয়ে বন্ধ্ সাময়িক প্রত্যাহার
পশ্চিমবঙ্গ ও কেন্দ্রীয় সরকারের চাপে পড়ে এবং আসন্ন পূজা মৌসুমের কথা বিবেচনা করে জনমুক্তি মোর্চা গত মঙ্গলবার থেকে দার্জিলিংয়ের টানা বন্ধ্ প্রত্যাহার করে নিয়েছে ৪০ দিনের জন্য। অর্থাৎ ২০ অক্টোবর পর্যন্ত। ১৯ অক্টোবর বৈঠকে ঠিক করা হবে আন্দোলনের পরবর্তী কর্মসূচি।
কেন্দ্রীয় সরকার ঘোষণা দিয়েছিল বন্ধ্ প্রত্যাহার না করা পর্যন্ত জনমুক্তি মোর্চার সঙ্গে কোনো আলোচনা নয়। অন্যদিকে রাজ্য সরকারও বন্ধিবরোধী ভূমিকায় অনড় থাকায় গোর্খা জনমুক্তি মোর্চা বন্ধ্ প্রত্যাহার করতে বাধ্য হয়। তবে গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটি ঘোষণা দিয়েছে, বন্ধ্ প্রত্যাহারের পাশাপাশি পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে তাদের আন্দোলন চলবে।
গত জুলাই মাসে ভারত সরকার দক্ষিণের অন্ধ্রপ্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের ঘোষণা দিলে গোর্খা জনমুক্তি মোর্চা গত ২৯ জুলাই থেকে দার্জিলিংয়ে বন্ধ্ শুরু করে। বন্ধ্ চলে জনতা কার্ফু, ঘরের ভেতর জনতা, সড়কে জনতা, ৭২ ঘণ্টার বন্ধ্ ইত্যাদি নামে।
বন্ধ্ প্রত্যাহারের ফলে মঙ্গলবার থেকে দার্জিলিং স্বাভাবিক জীবনে ফেরে। খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি অফিস, দোকান, বাজার। আন্দোলনের জেরে দার্জিলিং ছাড়া শিক্ষার্থীরাও ফিরতে শুরু করেছে। আসন্ন পূজা মৌসুমে পাহাড় ভ্রমণের জন্য পর্যটকেরাও হোটেল বুকিং শুরু করেছে। হোটেল ও ট্যুর অপারেটররা জনমুক্তি মোর্চার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।