দার্জিলিংয়ে আর বনধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোর্খাল্যান্ড রাজ্য গঠনের দাবি থেকে সরে এসেছে ভারতের দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। গতকাল শুক্রবার দার্জিলিংয়ের রিচমন্ড হিলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর মোর্চার নেতা ও বিধায়ক হড়কা বাহাদুর ছেত্রি জানিয়ে দেন, আপাতত আর দার্জিলিং বনধ বা ধর্মঘট হবে না। দাবিও উঠবে না পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের। এখন প্রধান কাজ হবে দার্জিলিংয়ের উন্নয়ন।
গোর্খা জনমুক্তি মোর্চা ২০০৭ সাল থেকে দার্জিলিংকে নিয়ে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবিতে আন্দোলন করে আসছিল। কিন্তু এই আন্দোলনকে আদৌ গুরুত্ব দেয়নি পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গের কোনো বৃহত্ রাজনৈতিক দল। সব দলেরই এক দফা দাবি ছিল, পশ্চিমবঙ্গকে ভেঙে আলাদা কোনো রাজ্য গড়তে দেওয়া হবে না। তবুও মোর্চা আন্দোলন অব্যাহত রাখে।
ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় গোর্খা জনমুক্তি মোর্চার এই আন্দোলনের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ক্ষমতায় গেলে তাঁরা দার্জিলিং সমস্যার সমাধান করবেন। ২০১১ সালের মে মাসে পশ্চিমবঙ্গের ক্ষমতায় যান মমতা। এরপর ওই বছরের ১৮ জুলাই জনমুক্তি মোর্চা, পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির কারণে দার্জিলিং সমস্যার সমাধান হয়। গঠন করা হয় গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ। জিটিএর চেয়ারম্যান হন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। শুরু হয় জিটিএর কাজ।
চলতি বছরের ২৯ জুলাই অন্ধ্র প্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের ঘোষণা দেয় কেন্দ্রীয় সরকার। এতে অনুপ্রাণিত হয়ে ফের পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চা আন্দোলন শুরু করে। দাবি আদায়ে চলে একটানা ৪৩ দিনের বনধ। মাঝে তিন দফায় ছাড় দেওয়া হয় ছয় দিন।
তবে মমতা এই আন্দোলনে গুরুত্ব দেননি; বরং এই আন্দোলন প্রত্যাহারের ওপর চাপ অব্যাহত রাখে পশ্চিমবঙ্গ সরকার। অবশেষে মাথা নত করে গোর্খা জনমুক্তি মোর্চা।