দার্জিলিংয়ে চলছে জনমুক্তির ‘রাজত্ব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিংয়ে এখন চলছে জনমুক্তি মোর্চার রাজত্ব। এখানে বিরোধীরা কোণঠাসা। মোর্চার কর্মীরা সর্বত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন। সাধারণ কেউ প্রকাশ্যে তাঁদের সমালোচনাও করতে পারছে না।গত জুলাই মাসে জনমুক্তি মোর্চার সঙ্গে পৃথক গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) গড়ার পর জনমুক্তি মোর্চা প্রভাবশালী হয়ে ওঠে। অথচ এই দার্জিলিংয়ে একসময় শক্তিশালী ছিল জিএনএলএফ বা গোর্খা ন্যাশনাল লিবারেশন ফোর্স। এদের নেতা ছিলেন সুবাস ঘিসিং। এখানে আরও শক্তিশালী ছিল সিপিএম, গোর্খা লিগ। আগামী ১১ ডিসেম্বর দার্জিলিং জেলার চারটি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও তিনটি পৌরসভায় জনমুক্তি মোর্চার বিরুদ্ধে কোনো দলই প্রার্থী দিতে পারেনি। শুধু মিরিক পৌরসভায় জনমুক্তি মোর্চার বিক্ষুব্ধ সমর্থকেরা প্রার্থী দেওয়ায় সেখানে ১১ ডিসেম্বর নির্বাচন হচ্ছে। দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং পৌরসভার জনমুক্তি মোর্চার প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়। তবে গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং তবু ক্ষান্ত হননি। তিনি ফের হুমকি দিয়েছেন, কেবল জিটিএ নয়, দার্জিলিং নিয়ে আলাদা গোর্খাল্যান্ড রাজ্য করতে হবে। এক বছরের মধ্যে আলাদা রাজ্য না পেলে শুরু করবেন পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের আন্দোলন।